shomoynew_wp969 ফ্যাসিবাদবিরোধী দলগুলোর ঐক্য আরও বেশি দৃশ্যমান করতে হবে: প্রধান উপদেষ্টা | জাতীয় | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


ফ্যাসিবাদবিরোধী দলগুলোর ঐক্য আরও বেশি দৃশ্যমান করতে হবে: প্রধান উপদেষ্টা


প্রকাশিত:
২৩ জুলাই ২০২৫ ০০:৫০

আপডেট:
৬ ফেব্রুয়ারি ২০২৬ ০৫:০৬

ছবি সংগৃহীত

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের প্রয়োজনীয়তা তুলে ধরে বলেছেন, আপনাদের মধ্যে যে ঐক্য আছে, সেটা আরও বেশি দৃশ্যমান হলে ভালো হয়। আপনারা ফ্যাসিবাদবিরোধী কোনো প্রশ্নে হোক বা গঠনমূলক কোনো কর্মসূচিতে যদি একসঙ্গে থাকেন এবং সেটা যদি মানুষ দেখে, তাহলে মানুষের মধ্যে একটা স্বস্তির ভাব আসবে। এটা দেখে অনেক বেশি মানুষ খুশি হবে এবং দেশের মানুষ সেটা চায়।

দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে প্রধান উপদেষ্টা মঙ্গলবার রাতে তার সরকারি বাসভবন যমুনায় চারটি রাজনৈতিক দল বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি এবং ইসলামী আন্দোলনের নেতাদের সঙ্গে এক জরুরি বৈঠক করেন। সেখানে তিনি রাজনৈতিক দলের নেতাদের এ কথা বলেন।

বৈঠক শেষে আইন উপদেষ্টা আসিফ নজরুল সাংবাদিকদের বৈঠকের বিষয়ে ব্রিফ করেন।

আসিফ নজরুল বলেন, ‘দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে প্রধান উপদেষ্টা চার বড় রাজনৈতিক দলকে ডেকেছিলেন। আলোচনা অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে হয়েছে।’

তিনি বলেন, রাজনৈতিক দলগুলো সরকারকে স্পষ্ট জানিয়েছে, ফ্যাসিবাদবিরোধী ঐক্যে তাদের মধ্যে কোন মতভিন্নতা নেই, কোন বিরোধ নেই। ফ্যাসিবাদ মোকাবেলার প্রশ্নে তাদের মধ্যে কোন বিরোধ বা মতভিন্নতা নেই।

আইন উপদেষ্টা আরও বলেন, তাদের মধ্যে কেউ কেউ বলেছেন রাজনীতির মাঠে রাজনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবে আমরা মাঝেমাঝে একজন আরেকজনের বিরুদ্ধে কথা বলতে পারি। এর মানে এটা নয় যে, তারা আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ। তারা আমাদের রাজনৈতিক সহযোগী।

রাজনীতির মাঠে এ ধরনের কিছু কথাবার্তা মাঝে মাঝে বলা হবে। এর থেকে কোনভাবেই ধারণা করা উচিত নয়, ফ্যাসিবাদবিরোধী ঐক্যে আমাদের মধ্যে কোনো রকম ফাটল আছে।

তিনি জানান, রাজনৈতিক দলগুলো সরকারকে আইন-শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার ক্ষেত্রে আরো বেশি শক্ত অবস্থান নেওয়ায় কথা বলেছে।

এছাড়া বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, নির্বাচন প্রক্রিয়ার ব্যাপারে আমাদের সুষ্ঠুভাবে অগ্রসর হওয়া উচিত।

ডিএম /সীমা



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top