shomoynew_wp969 আসন সীমানা ও আচরণবিধি নিয়ে কমিশন সভায় ইসি | জাতীয় | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৬, ২৪শে মাঘ ১৪৩২


আসন সীমানা ও আচরণবিধি নিয়ে কমিশন সভায় ইসি


প্রকাশিত:
১৯ জুন ২০২৫ ০২:১৩

আপডেট:
৬ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৩৭

ছবি সংগৃহীত

সংসদ নির্বাচনের দল ও প্রার্থীর আচরণবিধি এবং সংসদীয় আসনের সীমানা নিয়ে বৈঠকে বসছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার (১৯ জুন) বেলা ১১টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসির সভাকক্ষে এ বৈঠক শুরু হয়।

এএমএম নাসির উদ্দিন নেতৃত্বাধীন ইসির সপ্তম কমিশন সভা এটি। সিইসি ছাড়াও চার নির্বাচন কমিশনার, ইসি সচিব ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত রয়েছেন বৈঠকে।

রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা; সংসদীয় আসনের সীমানা সংক্রান্ত এবং বিবিধ বিষয় রয়েছে এ সভার আলোচ্যসূচির মধ্যে। গত ১২ মে জাতীয় সংসদের নির্বাচনি এলাকার সীমানা নির্ধারণ (সংশোধন) অধ্যাদেশ জারি করে সরকার। সংসদের ৭৫টি আসনের সীমানা পুনর্নির্ধারণে এখন পর্যন্ত ৬০৭টি আবেদন পেয়েছে ইসি। সংসদ নির্বাচনের আগে সীমানা নির্ধারণের বাধ্যবাধকতা রয়েছে। সেজন্য ৩০০ আসনের সীমানার খসড়া প্রকাশ করে ইসি। এ খসড়া প্রস্তাবের ওপর দাবি-আপত্তি শুনানি শেষে চূড়ান্ত গেজেট প্রকাশ করা হয়।

নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ ইতোমধ্যে বলেছেন, এ পর্যন্ত ৬০৭টি আবেদন জমা পড়েছে। ৭৫টি আসনের পুনর্বিন্যাস চেয়ে বিভিন্নজন বিভিন্নভাবে এসব আবেদন করেছেন। এসব আবেদন পর্যালোচনা হয়েছে কমিটি পর্যায়ে। সামনে আরো বিষদ আলোচনা হবে।

অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে ভোটের সময় প্রচারের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ আরোপ, সোশাল মিডিয়া তদারকিসহ একগুচ্ছ প্রস্তাব রয়েছে খসড়া আচরণবিধিতে। গত ১৩ জুন লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের বৈঠকে আগামী বছরের ফেব্রুয়ারিতে ভোটের সম্ভাবনা তৈরি হওয়ার পর নির্বাচন কমিশনের এটাই প্রথম বৈঠক।

তবে সরকারের সঙ্গে আলোচনা না হলে নির্বাচনের তারিখ নিয়ে ধারণা পাওয়া যাবে না মন্তব্য করে সিইসি এএমএম নাসির উদ্দিন বলেছেন, ফেব্রুয়ারি বা এপ্রিলের যে সময়েই নির্বাচন হোক না কেন, নির্বাচন কমিশনের প্রস্তুতি রয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top