shomoynew_wp969 টিকা না নিলে ১১ দেশ থেকে বাংলাদেশে আসা বন্ধ | জাতীয় | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


টিকা না নিলে ১১ দেশ থেকে বাংলাদেশে আসা বন্ধ


প্রকাশিত:
১৭ আগস্ট ২০২১ ০৫:২১

আপডেট:
১৭ আগস্ট ২০২১ ০৯:৪৪

ফাইল ছবি

কোভিড-১৯ টিকার পূর্ণ ডোজ না নিলে মালয়েশিয়া, ইরান, স্পেনসহ ১১টি দেশ থেকে বাংলাদেশ আসা যাবে না।

গতকাল সোমবার (১৬ আগষ্ট) নতুন এই বিধিনিষেধ আরোপ করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

আর্জেন্টিনা, বতসোয়ানা, কিউবা, সাইপ্রাস, ইসওয়াতিনি (সোয়াজিল্যান্ড), জর্জিয়া, ইরান, লিবিয়া, মালয়েশিয়া, মঙ্গোলিয়া ও স্পেন থেকে কোভিড-১৯ টিকার সম্পূর্ণ ডোজ না নিয়ে বাংলাদেশে ঢোকা যাবে না।

এই দেশগুলো থেকে যাত্রার ১৪ দিন আগে কোভিড-১৯ টিকা নেওয়া বাংলাদেশি নাগরিকরা ফিরতে পারবেন। তবে দেশে ফেরার পর তাদের ১৪ দিন বাধ্যতামূলকভাবে হোম কোয়ারেন্টিনে থাকতে হবে।

এই সমস্ত দেশে থাকা প্রবাসী কর্মীরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ অনুমতি নিয়ে দেশে ফিরতে পারবেন।

এছাড়া বাংলাদেশি নাবিক ও মেরিন ইঞ্জিনিয়াররা এই দেশগুলো থেকে দেশে ফিরতে পারবেন। তবে এজন্য তাদের প্রয়োজনীয় নথিপত্র দেখাতে হবে।

ব্রাজিল, কলম্বিয়া, কোস্টা রিকা, ফ্রান্স, ইরাক, আয়ারল্যান্ড, কাজাকাস্তান, কুয়েত, কিরঘিজিস্তান, নামিবিয়া, নেদারল্যান্ডস, পানামা, দক্ষিণ আফ্রিকা, থাইল্যান্ড, তিউনিশিয়া এবং যুক্তরাজ্য দেশ থেকে যাত্রীদের বাংলাদেশ ভ্রমণের বিষয়েও কিছু নির্দেশনা দেওয়া হয়েছে।

এই সব দেশ থেকে আসা যাত্রীদের যাত্রার ১৪ দিন আগে কোভিড-১৯ টিকার সম্পূর্ণ ডোজ নেওয়া থাকলে তাদের নিজ খরচে বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে।

দেশে আসার পর কারও কোনো লক্ষণ দেখা গেলে তাকে সরকার নির্ধারিত হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হবে।

এসব দেশ থেকে আসা যাত্রীদের মধ্যে যাদের করোনাভাইরাসের টিকার সম্পূর্ণ ডোজ নেওয়া নেই, তাদের সরকার নির্ধারিত হোটেল বা প্রতিষ্ঠানে নিজ খরচে ১৪ দিনের কঠোর প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে।

তাদের বিমানবন্দরেই দেখাতে হবে হোটেল বুকিং সংক্রান্ত প্রয়োজনীয় নথি। বোর্ডিং পাস দেওয়ার আগে উড়োজাহাজের নির্বাচিত প্রতিনিধি সেগুলো যাচাই করবেন।

এই দেশগুলো থেকে আসা যাত্রীরা বিধি নিষেধের মধ্যে থাকা দেশগুলোতে ট্রানজিট নিতে পারবেন বলেও জানানো হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top