shomoynew_wp969 জনগণের আস্থা অর্জনে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করুন | জাতীয় | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬, ২৫শে মাঘ ১৪৩২


নবীন কর্মকর্তাদের উদ্দেশ্যে আইজিপি

জনগণের আস্থা অর্জনে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করুন


প্রকাশিত:
২৩ জানুয়ারী ২০২৫ ০৬:৫১

আপডেট:
৭ ফেব্রুয়ারি ২০২৬ ১০:০৪

ছবি সংগৃহীত

নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের মাধ্যমে জনগণের আস্থা অর্জনের জন্য নবীন পুলিশ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক(আইজিপি) বাহারুল আলম। তিনি বলেন, পুলিশ জনগণের আস্থাভাজন হলে তারা আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করবে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে ৪৩তম বিসিএস (পুলিশ) ব্যাচের সহকারী পুলিশ সুপারদের (এএসপি) ওরিয়েন্টেশন কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

আইজিপি বলেন, আপনারা ভবিষ্যত পুলিশ নেতৃত্ব। আপনাদের ওপর পুলিশ বাহিনীর মর্যাদা নির্ভর করে। তাই আপনাদেরকে সততার সঙ্গে দায়িত্ব পালন করে অন্যদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত সৃষ্টি করতে হবে।

বাহারুল আলম বলেন, সাম্প্রতিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পুলিশের কাছে জনগণের প্রত্যাশা নিয়ে নতুন করে ভাবার সুযোগ তৈরি করেছে। আইনশৃঙ্খলার রক্ষক হিসেবে পুলিশকে জনগণের আবেগ অনুভূতির সঙ্গে একাত্ম হয়ে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

তিনি বলেন, পুলিশিং একটি চ্যালেঞ্জিং পেশা। আপনাদের প্রশিক্ষণের মাধ্যমে নানাবিধ চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষতা অর্জন করতে হবে। সাংবিধানিক অধিকার, মানবাধিকার এবং নতুন নতুন আইন সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে আপনাদের।

আইজিপি বলেন, বর্তমান প্রযুক্তির যুগে পুলিশিংয়ের ক্ষেত্রে আধুনিক প্রযুক্তি জ্ঞান এবং দক্ষতা অর্জন করতে হবে। সর্বশেষ প্রযুক্তি জ্ঞান-অর্জনের মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণে সচেষ্ট থাকতে হবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অতিরিক্ত আইজি (এইচআরএম) আবু নাসের মো. খালেদ, ডিআইজি (এইচআর) কাজী জিয়া উদ্দিন এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ৪৩তম বিসিএস (পুলিশ) ব্যাচে সহকারী পুলিশ সুপার হিসেবে ৮৪ জন কর্মকর্তা যোগদান করেছেন। তাদের মধ্যে ৭৮ জন পুরুষ এবং ছয় জন নারী।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top