shomoynew_wp969 ডিএমপি অতিরিক্ত পুলিশ কমিশনার ‘মানুষ যেন বলে আমাদের পুলিশ, আমরা সেই পুলিশ হতে চাই’ | জাতীয় | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬, ২৫শে মাঘ ১৪৩২


ডিএমপি অতিরিক্ত পুলিশ কমিশনার ‘মানুষ যেন বলে আমাদের পুলিশ, আমরা সেই পুলিশ হতে চাই’


প্রকাশিত:
১০ ডিসেম্বর ২০২৪ ০৭:৪১

আপডেট:
৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৪০

ছবি সংগৃহীত

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) হাসান মো. শওকত আলী বলেছেন, ‘মহানগরীর প্রতিটি এলাকা নিরাপদ রাখতে পুলিশ দিনরাত কাজ করে যাচ্ছে। পুলিশি কার্যক্রম ফলপ্রসূ করতে এবং সমাজ থেকে অপরাধ দূর করতে হলে শুধু পুলিশই নয়, পুলিশের পাশাপাশি জনগণকেও এগিয়ে আসতে হবে। মানুষ যেন বলে আমাদের পুলিশ। আমরা সেই পুলিশ হতে চাই।’

আজ (মঙ্গলবার) সকালে আজিমপুরের পার্ল হারবার কমিউনিটি সেন্টারে পুলিশ, ছাত্র-জনতা ও লালবাগ থানা এলাকার সম্মানিত নাগরিকদের সমন্বয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

হাসান মো. শওকত আলী বলেন, বাংলাদেশ পুলিশকে আইন ও বিধির মধ্য থেকে কাজ করতে হয়। আইনের বাইরে গিয়ে কাজ করার কোনো সুযোগ নেই। পুলিশের প্রশিক্ষণ গ্রহণের পর একটি শপথের মাধ্যমে প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে নিযুক্ত হতে হয়। আমাদের ভুলে গেলে চলবে না আমরা জনগণের অংশ। পুলিশকে বলা হয় সিভিলিয়ান ইন ইউনিফর্ম। পুলিশ আসলেই সিভিলিয়ান। কাজ শেষে যখন বাসায় যাই তখন আমিও কিন্তু আপনাদের মত একজন মানুষ। পুলিশ কখনো নিপীড়ক হতে পারে না, পুলিশ হবে জনগণের বন্ধু।

তিনি আরও বলেন, আজকের মতবিনিময় সভার মূল লক্ষ্য হচ্ছে আপনাদের কাছ থেকে মতামত নেওয়া এবং সেই মতামতের ভিত্তিতে পুলিশি সেবা দেওয়া।

অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, মাদক, ইভটিজিং ও দখলবাজির বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করতে হবে আপনাদের।

সভায় লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, পুলিশ রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। পুলিশের সহায়ক শক্তি হচ্ছেন আপনারা। সমাজ থেকে অপরাধ দূর করতে ছাত্র-জনতা, শিক্ষক ও নেতাদের ভূমিকা রাখা প্রয়োজন। পুলিশি সেবা দেওয়ার জন্য আমরা সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি। আপনারা আমাদের পাশে থাকবেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছাত্র-জনতা ও লালবাগ থানা এলাকার সম্মানিত নাগরিকরা অতিরিক্ত পুলিশ কমিশনারের কাছে তাদের বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরেন।

ডিএমপির লালবাগ বিভাগের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী, ধর্মীয় প্রতিষ্ঠানের নেতা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং ছাত্র আন্দোলনের নেতারা এসময় উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top