shomoynew_wp969 ড. ইউনূসের সহযোগিতা চাইলেন শীর্ষ বহুজাতিক কোম্পানির নির্বাহীরা | জাতীয় | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬, ২৫শে মাঘ ১৪৩২


ড. ইউনূসের সহযোগিতা চাইলেন শীর্ষ বহুজাতিক কোম্পানির নির্বাহীরা


প্রকাশিত:
২৬ নভেম্বর ২০২৪ ০৭:৪২

আপডেট:
৭ ফেব্রুয়ারি ২০২৬ ২১:২৭

ছবি সংগৃহীত

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেছেন আন্তর্জাতিক বহুজাতিক এক ডজনের বেশি কোম্পানির শীর্ষ নির্বাহীরা। এ সময় তারা বাংলাদেশে ব্যবসার সুযোগ সম্প্রসারণে সরকারের সহযোগিতা চান।

মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক ডজনেরও বেশি কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা, ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান বাংলাদেশে ব্যবসা ও বিনিয়োগের সুযোগ নিয়ে আলোচনার জন্য প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে আসেন।

প্রতিনিধি দলকে প্রধান উপদেষ্টা বলেন, একটি দল হিসেবে আমাদের একসঙ্গে কাজ করতে হবে। আপনারা দেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে সম্ভাব্য বিনিয়োগকারীদের বাংলাদেশে আসতে উৎসাহিত করুন।

এ সময় প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফী সিদ্দিকী, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান উপস্থিত ছিলেন।

বহুজাতিক কোম্পানির প্রধান নির্বাহীরা, লাইসেন্সিং এবং কর ব্যবস্থায় আরও সহজ, বিডা-তে ওয়ান-স্টপ পরিষেবা এবং বিনিয়োগকারীদের বাংলাদেশে আসতে উৎসাহিত করতে ক্রেডিট রেটিং উন্নত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

ব্যবসায়ীরা শ্রম অধিকার সংস্কারে সরকারের উদ্যোগের প্রশংসা করেন এবং সব ধরনের সহায়তার আশ্বাস দেন। প্রধান উপদেষ্টা নির্বাহীদের ব্যবসায় স্বচ্ছতা বজায় রাখার অনুরোধ জানান। তিনি বলেন, আমাদের সমস্যা এবং চ্যালেঞ্জগুলো শনাক্ত করতে সহায়তা করুন, যাতে আমরা তাদের সমাধান করতে পারি।

বৈঠকে বহুজাতিক কোম্পানির মধ্যে উপস্থিত ছিলেন- ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক জাভেদ আখতার, শেভরন বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক এরিক এম ওয়াকার, গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান, দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং কর্পোরেশন লিমিটেডের (এইচএসবিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব উর রহমান, মেটলাইফ বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আলাউদ্দিন আহমেদ, এসজিএস বাংলাদেশ লিমিটেডের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর আবদুর রশিদ, সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম এইচ এম ফাইরোজ, ডিএইচএল ওয়ার্ল্ড ওয়াইড এক্সপ্রেস বাংলাদেশ লিমিটেডের দেশীয় ব্যবস্থাপক মো. মিয়ারুল হক, ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের কান্ট্রি হেড সুমিতাভা বসু, ওরাকল বাংলাদেশের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর রুবাবা দৌলা প্রমুখ।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top