shomoynew_wp969 সংস্কার উদ্যোগে কমনওয়েলথকে পাশে চাইল বাংলাদেশ | জাতীয় | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬, ২৫শে মাঘ ১৪৩২


সংস্কার উদ্যোগে কমনওয়েলথকে পাশে চাইল বাংলাদেশ


প্রকাশিত:
১৮ নভেম্বর ২০২৪ ০০:৩৩

আপডেট:
৭ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৫৯

ছবি সংগ্রহীত

অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগে কমনওয়েলথের সমর্থন চেয়েছেন পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। রোববার (১৭ নভেম্বর) কমনওয়েলথের সহকারী সেক্রেটারি জেনারেল লুইস গ্যাব্রিয়েল ফ্রান্সেসির নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল নিয়ে পররাষ্ট্র উপদেষ্টার সাক্ষাতে এলে তিনি এ সমর্থন চান।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৈঠকে উপদেষ্টা ঐতিহাসিক ছাত্র নেতৃত্বাধীন গণ-আন্দোলনের প্রেক্ষাপট তুলে ধরেন, যা স্বৈরাচারী শাসনকে ধ্বংস করে এবং শেষ পর্যন্ত বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া পুনঃপ্রতিষ্ঠার পথ প্রশস্ত করে। উপদেষ্টা একটি মসৃণ এবং অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক উত্তরণ নিশ্চিত করতে এবং আবার একই পরিস্থিতিতে ফিরে না আসার জন্য অন্তর্বর্তী সরকারের নেওয়া সংস্কার উদ্যোগ সম্পর্কে প্রতিনিধিদলকে অবহিত করেন।

তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার জনগণের, বিশেষ করে দেশের তরুণদের আকাঙ্ক্ষার প্রতিফলন এবং অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগের জন্য কমনওয়েলথের সমর্থন দরকার।

সহকারী সেক্রেটারি জেনারেল বাংলাদেশের বর্তমান সরকারের গণতান্ত্রিক সংস্কারের প্রচেষ্টার প্রশংসা করেন এবং নির্বাচনী প্রক্রিয়া সংস্কারসহ সরকারের চলমান সংস্কার উদ্যোগের প্রতি সম্ভাব্য সব উপায়ে কমনওয়েলথের সমর্থনের আশ্বাস দেন। তিনি বৈষম্যমুক্ত, অন্তর্ভুক্তিমূলক এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়তে অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করার জন্য কমনওয়েলথের অঙ্গীকারের ওপর জোর দেন।

উপদেষ্টা রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা কামনা করেন। তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশের একার পক্ষে এই সমস্যার সমাধান করা সম্ভব হবে না। এই সংকটের একমাত্র সমাধান রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই মিয়ানমারে ফিরে যাওয়া।

সহকারী সেক্রেটারি জেনারেল রোহিঙ্গা সংকট সমাধানে কমনওয়েলথের জোরালো সমর্থন পুনর্ব্যক্ত করেছে এবং রোহিঙ্গাদের অব্যাহত মানবিক সহায়তার গুরুত্বের ওপর জোর দিয়েছে।

এদিন, সহকারী সেক্রেটারি জেনারেল সমাজকল্যাণ বিষয়ক উপদেষ্টা শারমিন মুরশিদের সঙ্গে সাক্ষাৎ করেন। উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার আগের যে কোনো সরকারের চেয়ে অনেক বেশি শক্তিশালী। কারণ এতে জনগণের ব্যাপক সমর্থন রয়েছে। তিনি প্রতিনিধিদলকে আহতদের চিকিৎসা পরিকল্পনা সম্পর্কে অবহিত করেন এবং কাউন্সেলিং, পুনঃশিক্ষা এবং থেরাপির জন্য কমনওয়েলথের সহায়তা চান।

প্রসঙ্গত, চার দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় এসেছেন লুইস গ্যাব্রিয়েল ফ্রান্সেসির নেতৃত্বাধীন কমনওয়েলথের এই উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল। ঢাকা সফরের সময় তারা অন্তর্বর্তী সরকারের গুরত্বপূর্ণ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top