shomoynew_wp969 যুক্তরাষ্ট্র দূতাবাসে সর্বোচ্চ পুলিশ পাহারায় নিয়োজিত: স্বরাষ্ট্রমন্ত্রী | জাতীয় | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬, ২৫শে মাঘ ১৪৩২


যুক্তরাষ্ট্র দূতাবাসে সর্বোচ্চ পুলিশ পাহারায় নিয়োজিত: স্বরাষ্ট্রমন্ত্রী


প্রকাশিত:
৩০ সেপ্টেম্বর ২০২৩ ০৭:২১

আপডেট:
৩০ সেপ্টেম্বর ২০২৩ ০৭:২৩

ছবি-সংগৃহীত

ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসে নিরাপত্তা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, যুক্তরাষ্ট্র দূতাবাসে পর্যাপ্ত নিরাপত্তা রয়েছে। আমি সংখ্যায় বলছি না, কিন্তু যুক্তরাষ্ট্র দূতাবাসে সর্বোচ্চ পুলিশ পাহারায় নিয়োজিত আছে।

শনিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) ভবনে আইডিইবির জেলা ও সার্ভিস অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দের প্রতিনিধি সম্মেলন শেষে সাংবাদিকদের মুখোমুখি হন স্বরাষ্ট্রমন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা সড়কে চারটি দেশকে স্পেশাল সিকিউরিটি (এসকর্ট) দিয়ে আসছিলাম। যখন তারা বাইরে যেতেন আমরা গাড়ির একটা প্রটেকশান দিতাম। কিছু মন্ত্রীর ক্ষেত্রে যেমন সামনে-পেছনে পুলিশের গাড়ি থাকে, এমন চারটি দেশের রাষ্ট্রদূতকে চলাচলের সময় সে ধরনের প্রটেকশন দিতাম।

তিনি বলেন, আমরা সে রাস্তার প্রটেকশনে পুলিশের পরিবর্তে আনসার গার্ড ব্যাটালিয়ন (এজিবি) নিয়োগ করেছিলাম। যারা যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সক্ষম এবং সেনাবাহিনী থেকে সর্বোচ্চ প্রশিক্ষণপ্রাপ্ত। আমরা চেয়েছি রাস্তায় চলাচলের নিরাপত্তায় এজিবি থাকবে এবং একজন পুলিশ কমান্ডার থাকবেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, যে চারটি দেশের রাষ্ট্রদূতকে এটি দেওয়া হয়েছে সেটি তারা মেনে নিয়েছেন। শুধু যুক্তরাষ্ট্র একটু আপত্তি জানিয়েছে। এরপরও তারা মনে করলে এটা নিয়ে আমরা ভবিষ্যতে কথা বলব, চিন্তা করব।

এর আগে প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, আমরা আর অন্ধকারে ফিরে যেতে চাই না, আমরা আলোকিত বাংলাদেশে থাকতে চাই। অন্ধকারাচ্ছন্ন আর না খেয়ে থাকার বাংলাদেশকেও আপনারা দেখেছেন। আজ সারা দেশ মনে করে তারা আর অন্ধকারে নিমজ্জিত হবে না। আপনাদের কাছে আহ্বান সেটিই।

আপনারা এ ধারা অব্যাহত রাখবেন। আপনাদের মাধ্যমে আমরা আলোকিত বাংলাদেশ দেখতে চাই, স্মার্ট বাংলাদেশ দেখতে চাই।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top