shomoynew_wp969 ভিসানীতিতে পুলিশ বাহিনীর ওপর প্রভাব পড়বে না: ডিএমপি | জাতীয় | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬, ২৫শে মাঘ ১৪৩২


ভিসানীতিতে পুলিশ বাহিনীর ওপর প্রভাব পড়বে না: ডিএমপি


প্রকাশিত:
২৪ সেপ্টেম্বর ২০২৩ ০৬:৪০

আপডেট:
৭ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:১৮

ছবি সংগৃহিত

মার্কিন ভিসানীতিতে বাংলাদেশ পুলিশ বাহিনীর ওপর কোনো প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মুখপাত্র ফারুক হোসেন।

আজ রোববার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা জানান ডিএমপির মুখপাত্র।

ফারুক হোসেন বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু সদস্যের ওপর মার্কিন ভিসানীতি প্রয়োগ করা হয়েছে। তবে তারা কারা, এর কোনো তালিকা এখনো পায়নি।’

তিনি বলেন, ‘যদি ভিসানীতি আসে, তারা হয়তো যুক্তরাষ্ট্র যেতে পারবেন না।’

ডিএমপির মুখপাত্র আরও বলেন, ‘পুলিশ আইনের মধ্য থেকেই কাজ করে। ভিসানীতি দায়িত্ব পালনে কোনো ব্যাঘাত ঘটাবে না।’

ডিএমপির মুখপাত্র উপকমিশনার (ডিসি) ফারুক হোসেন বলেন, ‘পুলিশের কয়জনই বা আমেরিকা যান! কয়জন তাদের পরিবারের সদস্যদের পাঠান? তাই মার্কিন ভিসানীতির কোনো প্রভাব বাংলাদেশ পুলিশ বাহিনীর ওপর পড়বে না। কাজের গতিও কমবে না।’

উল্লেখ্য, গত ২৪ মে বাংলাদেশের নির্বাচন সুষ্ঠু ও অবাধ করার লক্ষ্যে যুক্তরাষ্ট্র ভিসানীতি ঘোষণা করে। এর চার মাসের মাথায় গত শুক্রবার যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে, গণতান্ত্রিক নির্বাচনপ্রক্রিয়াকে বাধাদানে দায়ী ও জড়িত ব্যক্তিদের ওপর ভিসা বিধিনিষেধ আরোপের পদক্ষেপ নেওয়া হচ্ছে। এসব ব্যক্তির মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ক্ষমতাসীন রাজনৈতিক দল ও বিরোধী দলের সদস্যও রয়েছেন।

এর আগে ২০২১ সালের ডিসেম্বরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। যে সাতজনের ওপর ওই নিষেধাজ্ঞা দেওয়া হয়, তাদের মধ্যে রয়েছেন পুলিশের তৎকালীন মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। ওই নিষেধাজ্ঞার আওতায় থাকা র‌্যাবের তৎকালীন মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন এখন পুলিশের আইজি।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top