shomoynew_wp969 প্রতিটি ওয়ার্ডেই ব্যায়ামাগার নির্মাণ করবে দক্ষিণ সিটি | জাতীয় | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৬, ২৪শে মাঘ ১৪৩২


প্রতিটি ওয়ার্ডেই ব্যায়ামাগার নির্মাণ করবে দক্ষিণ সিটি


প্রকাশিত:
১৫ মার্চ ২০২৩ ১২:৫৫

আপডেট:
৬ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৫৮

ছবি সংগৃহিত

ঢাকা শহরের তরুণ সমাজের জীবনমান উন্নয়নে প্রত্যকটি ওয়ার্ডেই একটি করে ব্যায়ামাগার নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

বুধবার (১৫) ডিএসসিসির ৩০ নম্বর ওয়ার্ডে নলগোলা বহুব্রীহির উন্নয়ন ও নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে তিনি এ কথা জানান।

মেয়র শেখ তাপস বলেন,৩০ নম্বর ওয়ার্ডের এই জায়গাটায় অত্যন্ত ভঙ্গুর ও ছোট একটি শরীরচর্চা কেন্দ্র ছিল। আমরা এটার উন্নয়নের পরিকল্পনা করেছি। এখানে তিন তলাবিশিষ্ট একটি অবকাঠামো হবে। অত্যন্ত নান্দনিক একটি নকশা করা হয়েছে। সেখানে শরীরচর্চা কেন্দ্র গড়ে তোলা হবে। তরুণরা যাতে বসতে পারে, নদী উপভোগ করতে পারে ও চা-কফি খেতে খেতে যাতে নদীর পরিবেশ উপভোগ করতে পারে সে ব্যবস্থা রাখা হয়েছে।

তিনি বলেন, এই অবকাঠামোটা অত্র ওয়ার্ড তথা পুরাতন ঢাকার জন্য অত্যন্ত একটি চমকপ্রদ অবকাঠামো হবে। তরুণ সমাজকে গড়ে তুলতে এভাবেই আমাদের কার্যক্রম চলমান থাকবে। ঢাকা শহরে বিশেষ করে তরুণদের সুযোগ-সুবিধা বৃদ্ধি করার জন্য, তাদের জীবনমান উন্নয়নের জন্য প্রত্যেকটি ওয়ার্ডেই আমরা একটি করে ব্যায়ামাগার নির্মাণের সিদ্ধান্ত নিয়েছি।

তরুণ সমাজের জন্য তৃণমূল পর্যায়ে প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলা হচ্ছে জানিয়ে ডিএসসিসি মেয়র বলেন, আমরা চাই আমাদের তরুণ সমাজকে খেলাধুলায় উদ্বুদ্ধ করতে। সেজন্য প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নের মাধ্যমে আমরা তৃণমূল পর্যায়ে তরুণদের সম্পৃক্ত করতে চাই।

সেই লক্ষ্যে প্রতিটি ওয়ার্ডেই আমরা কার্যক্রম হাতে নিচ্ছি। আমরা ঢাকা শহরের তরুণ সমাজের জন্য আমাদের কার্যক্রম ও আমাদের সেবাগুলো পৌঁছে দিতে চাই। যাতে করে ঢাকা শহর একটি বাসযোগ্য নগরী হয় ও একটি নান্দনিক পরিবেশ সৃষ্টি হয়।

এসময় মুক্তাঙ্গন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আসলে এটা অত্যন্ত দুঃখজনক। ঢাকা শহর একটি দখলের অভয়ারণ্যে পরিণত হয়েছে। আমরা প্রতিনিয়ত আমাদের অভিযান চালিয়ে যাচ্ছি। যেখানে দখল পাচ্ছি সেখানেই আমরা অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিচ্ছি। এই মুক্তাঙ্গন দখল অবস্থায় ছিল।

সেখানে একটি বাস্কেটবল কোর্টসহ যাতে ছোট বাচ্চারা খেলাধুলা করতে পারে, সেভাবেই আমরা মাঠটা উন্নয়নের কার্যক্রম হাতে নিয়েছি। হয়তো আগামী মাসের মধ্যেই আমরা সেটা উদ্বোধন করতে পারব। সুতরাং কোনোভাবেই অবৈধ উপায়ে কেউ সড়ক, হাঁটার পথ দখল করে রাখতে পারবে না। তাদের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে।

এসময় উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য মোহাম্মদ হাজি সেলিম, করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, সচিব আকরামুজ্জামান, প্রধান প্রকৌশলী সালেহ আহম্মেদ, পরিবহন মহাব্যবস্থাপক মো. হায়দার আলী, প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন, প্রধান নগর পরিকল্পনাবিদ সিরাজুল ইসলাম, ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ ইরফান সেলিম ও সংরক্ষিত আসনের কাউন্সিলর সামসুন নাহার ভূঁইয়া।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top