shomoynew_wp969 রোজ ডে: কোন রঙের গোলাপের কী অর্থ? | লাইফস্টাইল | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


রোজ ডে: কোন রঙের গোলাপের কী অর্থ?


প্রকাশিত:
৭ ফেব্রুয়ারি ২০২৪ ০৯:২৫

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৫৪

ফাইল ছবি

ফেব্রুয়ারির ৭ তারিখ শুরু হয়ে যায় প্রেমের সপ্তাহ। শেষ হয় গিয়ে ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে। এর আগে একেকদিন একেক দিবস। ৭ তারিখ যেমন রোজ ডে। এইদিন হলো প্রিয় মানুষটিকে গোলাপ দেওয়ার দিন। আমাদের হৃদয়ে লুকিয়ে থাকা ভালোবাসার প্রকাশে গোলাপের ভূমিকা অস্বীকার করার উপায় নেই। একেক রঙের গোলাপ একেক ধরনের অনুভূতি প্রকাশ করে। চলুন, জেনে নেওয়া যাক-

১. সাদা গোলাপ-

সাদা মানেই পবিত্রতার এক রূপ। অনেক দেশে বিয়ের সময় কনের হাতে রাখা হয় সাদা গোলাপ। কারণ এই ফুলকে মনে করা হয় নতুন শুরুর প্রতীক। এটি কারও অনুপস্থিতিতে তাকে অনুভব করাও বোঝায়। তাই প্রিয় মানুষটিকে মনে পড়লে আর এই মুহূর্তে তার কাছে যাওয়ার সুযোগ না থাকলে তার ঠিকানায় পাঠিয়ে দিতে পারেন একগুচ্ছ সাদা গোলাপ।

২. লাল গোলাপ-

লাল গোলাপ কীসের প্রতীক সেকথা আর আলাদা করে বলে দিতে হবে না নিশ্চয়ই? অসংখ্য কবির লেখা কবিতায়, গীতিকারের লেখা গানে, লেখকের লেখা গল্প কিংবা উপন্যাসে প্রেমের প্রতীক হিসেবে এসেছে লাল গোলাপের কথা। এই গোলাপ ভালোবাসা, মুগ্ধতা, বিশ্বস্ততা, সৌন্দর্যের প্রতীক। প্রেম নিবেদনের ক্ষেত্রে লাল গোলাপের আবেদন কখনো পুরনো হবে না।

৩. হলুদ গোলাপ-

গোলাপ মানেই সুন্দর। হলুদ রঙের গোলাপ আসলে কীসের প্রতীক? এটি আসলে প্রেমেরও আগের ধাপ, অর্থাৎ বন্ধুত্বের প্রতীক। হৃদয়ে আনন্দ উপচে পড়লে একগুচ্ছ হলুদ গোলাপ দিতে পারেন বন্ধুর হাতে। আবার কারও আরোগ্য কামনায়ও এই গোলাপ উপহার দেওয়া যায়। কারণ এটি সুস্থতারও প্রতীক।

৪. গোলাপি গোলাপ-

প্রেমের ভাষা যে কেবল লাল গোলাপই তুলে ধরে, তা কিন্তু নয়। গোলাপী রঙের গোলাপও এক্ষেত্রে কম যায় না। আপনার মনের ভাষা মুখে না বলতে পারলে প্রিয় মানুষটির হাতে তুলে দিন একগুচ্ছ গোলাপি রঙের গোলাপ। এটি কৃতজ্ঞতা, স্বীকৃতি, ভালোবাসার প্রতীক। আবার প্রিয় বন্ধুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের গোলাপি রঙের গোলাপ দিতে পারেন।

৫. কমলা গোলাপ-

কমলা গোলাপ ব্যবহার করা হয় হৃদয়ের আবেগ, উৎসাহ, উদ্দীপনা বোঝাতে। নিজের সঙ্গী কিংবা মনের মানুষকে কোনো বিষয়ে সমর্থন দেওয়ার জন্য এই গোলাপ উপহার দিতে পারেন। কমলা রঙের গোলাপ উপহার দেওয়ার অর্থ হলো আপনি তার সঙ্গী হয়ে আছেন। এতে সে স্বপ্ন জয়ের পথে আরও দৃঢ় পায়ে এগিয়ে যেতে পারবে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top