shomoynew_wp969 খালেদা জিয়ার নাইকো দুর্নীতি মামলার চার্জ শুনানি পেছাল | আইন-আদালত | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


খালেদা জিয়ার নাইকো দুর্নীতি মামলার চার্জ শুনানি পেছাল


প্রকাশিত:
৪ এপ্রিল ২০২১ ১২:২৪

আপডেট:
৪ এপ্রিল ২০২১ ১২:৫৩

খালেদা জিয়া। ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নাইকো দুর্নীতির মামলার বিচারের চার্জগঠনের শুনানি পিছিয়ে আগামী ৫ মে ধার্য করেছেন আদালত। আজ রোববার (০৪ এপ্রিল) ঢাকার ৯ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক শেখ হাফিজুর রহমান অসুস্থতাজনিত কারণে ছুটিতে থাকায় ভারপ্রাপ্ত বিচারক নজরুল ইসলাম নতুন এ তারিখ ধার্য করেন।

আজ কেরানীগঞ্জের কারাভবনে নবনির্মিত ২ নম্বর ভবনে স্থাপিত অস্থায়ী এজলাসে এ মামলায় শুনানির অনুষ্ঠিত হয়। এর আগে গত ১৬ ফেব্রুয়ারি এ মামলার প্রধান আসামি খালেদা জিয়াকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেন একই আদালত। এরপর গত ২ মার্চ দুদকের পক্ষে প্রসিকিউটর মোশারফ হোসেন কাজল চার্জগঠনের পক্ষে শুনানি করেন। শুনানিতে তিনি আদালতে অভিযোগ উত্থাপন করে খালেদা জিয়াসহ ৯ জনের পক্ষে চার্জগঠনের প্রস্তাব করেন। একই দিন খালেদা জিয়ার অব্যাহতি চেয়ে আইনজীবী অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার আংশিক শুনানি করেন।

মামলার অপর আসামিরা হলেন তারেক রহমানের বন্ধু গিয়াস উদ্দিন আল মামুন, সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেন ও সাবেক সিনিয়র সহকারী সচিব সি এম ইউছুফ হোসাইন, ঢাকা ক্লাবের সাবেক সভাপতি সেলিম ভূঁইয়া (সিলভার সেলিম), জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহীদুল ইসলাম, নাইকোর দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফ, তখনকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকী ও বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক মীর ময়নুল হক।

২০০৭ সালের ৯ ডিসেম্বর তেজগাঁও থানায় মামলাটি দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলাটির তদন্তের পর ২০০৮ সালের ৫ মে খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলার অপর ২ আসামি বিচারকালীন মারা গেছেন।

চার্জশিটের বৈধতা চ্যলেঞ্জ করে খালেদা জিয়া হাইকোর্টে রিট আবেদন করলে ২০০৮ সালের ৯ জুলাই হাইকোর্ট নিম্ন আদালতের কার্যক্রম স্থগিত করে রুল জারি করেন। ২০১৫ সালের ১৮ জুন হাইকোর্ট রুল ডিচার্জ করে স্থাগিতাদেশ প্রত্যাহার করেন।

ক্ষমতার অপব্যবহার করে তিনটি গ্যাসক্ষেত্র পরিত্যক্ত দেখিয়ে কানাডিয়ান কোম্পানি নাইকোর হাতে ‘তুলে দেওয়ার’ অভিযোগে রাষ্ট্রের প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকার ক্ষতির অভিযোগে মামলাটি করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top