shomoynew_wp969 গ্রেপ্তারি পরোয়ানা জারি আলেশা মার্টের চেয়ারম্যানের বিরুদ্ধে | আইন-আদালত | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


গ্রেপ্তারি পরোয়ানা জারি আলেশা মার্টের চেয়ারম্যানের বিরুদ্ধে


প্রকাশিত:
১৮ অক্টোবর ২০২২ ১৪:৪০

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৩৩

ছবি সংগৃহীত

ই-কমার্স প্রতিষ্ঠান আলেশা মার্টের চেয়ারম্যান মঞ্জুরুল আলম সিকদারের নামে চেক প্রতারণার দুই মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

মঙ্গলবার (১৮ অক্টোবর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন এ আদেশ দেন।

পরোয়ানা তামিলের বিষয়ে আগামী ২৪ নভেম্বর দিন রেখেছেন আদালত। এদিন বাদীপক্ষের আইনজীবী খাদেমুল ইসলাম বিষয়টি জানিয়েছেন।

তিনি জানান, গত ৭ সেপ্টেম্বর আব্দুল্লাহ আল মামুন নামে এক ব্যক্তি বাদী হয়ে এ দুটি মামলা দায়ের করেন। সেদিন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতাউল্লাহ আসামির প্রতি সমন জারি করেন। এ বিষয়ে প্রতিবেদন দাখিলের পর আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেন।

একটি মামলার অভিযোগে বলা হয়েছে, গত বছর ৫ ও ৭ জুন তিনটি মোটরসাইকেল কেনার জন্য অর্ডার দেন (বাদী)। কিন্তু পরবর্তী সময়ে অর্ডারকৃত মোটরসাইকেল দিতে ব্যর্থ হওয়ায় আসামি বাদীকে ন্যাশনাল ব্যাংক গুলশান করপোরেট শাখার আলেশা মার্টের নামে থাকা চার লাখ ২৩ হাজার টাকার দুটি চেক দেন।

সেই চেক নগদায়নের জন্য গত ২০ জুন বাদীর নিজ নামীয় ডাচ-বাংলা ব্যাংক ইব্রাহীমপুর শাখায় জমা দিলে তা ডিজঅনার হয়। এরপর গত ১৭ জুলাই আসামির প্রতি লিগ্যাল নোটিশ ইস্যু করা হলেও টাকা না পাওয়ায় এ মামলা করা হয়৷

অপর মামলায় অভিযোগ করা হয়, গত বছর ২৪ জুন তিনটি মোটরসাইকেল ক্রয়ের অর্ডার দেন। অর্ডারকৃত মোটরসাইকেল দিতে ব্যর্থ হয়ে আসামি তার মালিকানাধীন প্রতিষ্ঠান আলেশা অ্যাগ্রো নামে ইসলামী ব্যাংক বনানী শাখার অ্যাকাউন্টের তিন লাখ ৫২ হাজার টাকার একটি চেক দেন। চেকটি নগদায়নের জন্য গত ২৮ জুলাই বাদীর নিজ নামীয় ডাচ-বাংলা ব্যাংক ইব্রাহীমপুর শাখায় জমা দিলে পর্যাপ্ত টাকা না থাকায় তা ডিজঅনার হয়।

এরপর টাকা পরিশোধে গত ৩ সেপ্টেম্বর আসামির প্রতি লিগ্যাল নোটিশ পাঠানো হয়। এতেও ফল না পেয়ে বাদী আদালতে এ মামলা দায়ের করেন।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top