shomoynew_wp969 মিরপুরে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৫ আসামি রিমান্ডে | আইন-আদালত | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


মিরপুরে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৫ আসামি রিমান্ডে


প্রকাশিত:
১৫ জুন ২০২৫ ০৭:৫২

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৪:১৪

ছবি সংগৃহীত

রাজধানীর মিরপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও খেলনা পিস্তলসহ গ্রেপ্তার পাঁচ আসামির তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (১৫ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক তাদের এ রিমান্ড মঞ্জুর করেন। এদিন আসামিদের আদালতে আনা হয়। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে প্রত্যেকের পাঁচ দিন করে রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের উপ-পরিদর্শক মামুন। শুনানি শেষে বিচারক প্রত্যেকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করে এ আদেশ দেন৷

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন, জুলহাস (৩৭), মো. কামাল হাওলাদার (৪০), মো. তুষার আহমেদ (৩৪), সবুজ মিয়া (৩৫) ও সম্রাট মোল্লা (৩৫)।

গতকাল শনিবার মিরপুর সনি সিনেমা হলের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি প্রোবক্স গাড়িও জব্দ করা হয়।

মামলার সূত্রে জানা যায়, আসামিরা মিরপুর সনি সিনেমা হলের সামনে রাস্তার ওপর ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো। এ সময় গোপন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে ডিবি। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তখন দুজন কৌশলে পালিয়ে যায়। তাদের কাছ থেকে একটি প্রোবক্স গাড়ি, একটি রামদা, বাইসাইকেলের ক্র্যাংকসেট দিয়ে তৈরি একটি দেশীয় অস্ত্র, লোহার স্টিক, দুটি প্লাস্টিকের রশি ও দুটি খেলনা পিস্তল উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার ও পলাতকদের আসামি করে মিরপুর মডেল থানায় মামলা দায়ের করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top