shomoynew_wp969 নারী সাংবাদিককে হেনস্তা: গ্রেপ্তার তিন আসামি কারাগারে | আইন-আদালত | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


নারী সাংবাদিককে হেনস্তা: গ্রেপ্তার তিন আসামি কারাগারে


প্রকাশিত:
৫ এপ্রিল ২০২৫ ০৩:১১

আপডেট:
৫ এপ্রিল ২০২৫ ০৩:৪৮

ছবি সংগৃহীত

রাজধানীর রামপুরা থানার বনশ্রী এলাকায় নারী সাংবাদিককে শ্লীলতাহানি ও হেনস্তার ঘটনায় গ্রেপ্তার তিন আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। কারাগারে যাওয়া ব্যক্তিরা হলেন- সোয়েব রহমান জিসান, মো. রাইসুল ইসলাম ও মো. কাউসার হোসেন।

শনিবার (৫ এপ্রিল) আদালত সূত্রে জানা যায়, আসামিদের শুক্রবার আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

রামপুরা থানার ওসি আতাউর রহমান আকন্দ এ তথ্য নিশ্চিত করেন।

গত বুধবার রাতে রামপুরা এলাকায় নারী সাংবাদিককে হেনস্তার ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করে। র‍্যাব জানায়, বিষয়টি নজরে আসার পর র‍্যাব-৩ ছায়া তদন্ত শুরু করে। এ ঘটনায় ভুক্তভোগী নারী সাংবাদিক বাদী হয়ে ঢাকা মহানগরীর রামপুরা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। আসামিদের ধরতে র‍্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা ও র‍্যাব-৩ এর একাধিক দল মাঠ পর্যায়ে কাজ শুরু করে। পরে গোয়েন্দা সূত্র থেকে প্রাপ্ত তথ্য ও তথ্য প্রযুক্তির সহায়তায় মামলার প্রধান আসামি সোয়েব রহমান জিসানকে রামপুরা থানার মেরাদিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যে রমনা থানার বেইলি রোড এলাকা থেকে মো. রাইসুল ইসলাম ও গেন্ডারিয়া এলাকা থেকে মো. কাউসার হোসেনকে গ্রেপ্তার করে র‍্যাব।

ওই নারী সাংবাদিক বুধবার তার ফেসবুকে পোস্টে ‘নিজের বাসার সামনে নিরাপদ না’ শিরোনামে লেখেন, কিছু ছেলে তাকে উত্ত্যক্ত করায় তার ভাই সামনে গিয়ে দাঁড়ান। বখাটেরাও তখন তর্ক জুড়ে দেয় এবং তার ভাইকে মারধর করে। এরপর তার ভাইকে রক্ষা করতে গেলে বখাটেরা তাকেও মারধর করে এবং শারীরিকভাবে হেনস্তা করে বলে অভিযোগ করেছেন তিনি।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top