shomoynew_wp969 তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফেরাতে তিন আবেদনের শুনানি ১৭ নভেম্বর | আইন-আদালত | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফেরাতে তিন আবেদনের শুনানি ১৭ নভেম্বর


প্রকাশিত:
২৪ অক্টোবর ২০২৪ ০০:২৩

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৪১

ফাইল ছবি

সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনের জন্য সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে তিন আবেদনের (রিভিউ) শুনানি পেছানো হয়েছে। আগামী ১৭ নভেম্বর এ বিষয়ে শুনানির জন্য দিন নির্ধারণ করেছেন আপিল বিভাগ।

রাষ্ট্রপক্ষের সময় আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) এ আদেশ দেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ।

এ বিষয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ১৬ অক্টোবর একটি আবেদন করেছিলেন। এছাড়া ২৫ আগস্ট সুজন সম্পাদক বদিউল আলম মজুমদারসহ পাঁচজন একই আবেদন করেন। সর্বশেষ গত বুধবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারও আবেদন করেছেন। এ তথ্য জানিয়েছেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

১৯৯৬ সালে জাতীয় সংসদে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত করে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী গৃহীত হয়। ১৯৯৮ সালে এই সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দাখিল করেন এম সলিম উল্লাহসহ তিন আইনজীবী। ২০০৪ সালের ৪ আগস্ট হাইকোর্ট বিভাগ এ রিট খারিজ করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বৈধ ঘোষণা করে।

এর বিরুদ্ধে সরাসরি আপিলের অনুমতি দেওয়া হয় এবং ২০০৫ সালে রিট আবেদনকারী পক্ষ আপিল করে। ২০১১ সালের ১০ মে, আপিল বিভাগের সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় দেয়। এই রায়ের পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপসহ কয়েকটি বিষয়ে পঞ্চদশ সংশোধনী আইন ২০১১ সালের ৩০ জুন জাতীয় সংসদে পাশ হয় এবং ৩ জুলাই এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top