shomoynew_wp969 বিএনপি নেতা চাঁদকে বার বার রিমান্ড : রিটের শুনানি রোববার | আইন-আদালত | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


বিএনপি নেতা চাঁদকে বার বার রিমান্ড : রিটের শুনানি রোববার


প্রকাশিত:
১৩ জুলাই ২০২৩ ১৩:১৮

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:২০

 ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে বিভিন্ন জেলায় দায়ের করা মামলায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে বার বার রিমান্ডে নেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে রিটের পরবর্তী শুনানির জন্য আগামী রোববার (১৬ জুলাই) দিন ধার্য করেছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (১৩ জুলাই) বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মো. শওকত আলী চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ দিন ধার্য করেন।

আদালতে রিটের পক্ষ শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী, ব্যারিস্টার কায়সার কামাল ও ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ সাইফুজ্জামান ও সহকারী অ্যাটর্নি জেনারেল সেলিম আজাদ।

এর আগে গত ১০ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে বিভিন্ন জেলায় দায়ের করা মামলায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা আহ্বায়ক আবু সাঈদ চাঁদের বার বার রিমান্ড বন্ধ করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। রিটে একই অভিযোগের মামলায় বিভিন্ন জেলায় গ্রেপ্তার দেখানো বন্ধ করার নির্দেশনা চাওয়া হয়েছে।

আবু সাঈদ চাঁদের মেয়ে শিরিন আক্তার এ রিট দায়ের করেন।

গত ১৯ মে রাজশাহীর পুঠিয়া উপজেলায় বিএনপি নেতা আবু সাঈদ চাঁদ জেলা ও মহানগর বিএনপি আয়োজিত এক সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘হত্যার হুমকি’ দেন বলে অভিযোগ উঠে। এ সংক্রান্ত একটি ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এরপর দেশের বিভিন্ন জেলায় চাঁদের বিরুদ্ধে মামলা করা হয়। তার শাস্তির দাবিতে আ’লীগ বিভিন্ন কর্মসূচি পালন করে।

গত ২৫ মে বেলা ১১টার দিকে নগরীর ভেড়িপাড়া মোড় থেকে বিএনপি নেতা আবু সাঈদ চাঁদকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর বিভিন্ন থানার মামলায় পুলিশ কয়েক দফা তাকে রিমান্ডে নেয়।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top