shomoynew_wp969 ২২৭ কোটি ক্ষতিপূরণের মামলায় রবিকে জবাব দাখিল করতেই হবে : হাইকোর্ট | আইন-আদালত | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


২২৭ কোটি ক্ষতিপূরণের মামলায় রবিকে জবাব দাখিল করতেই হবে : হাইকোর্ট


প্রকাশিত:
২৯ মে ২০২৩ ১২:৪২

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৪:১৪

 ফাইল ছবি

বিচারিক আদালতে জবাব দাখিলের আদেশের বিরুদ্ধে মোবাইল নেটওয়ার্ক অপারেটর রবি আজিয়াটা লিমিটেডের আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

এর ফলে প্রতিষ্ঠানটির সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা মাহতাব উদ্দিন আহমেদের ২২৭ কোটি টাকা দাবি করে দায়ের করা মামলায় রবি কর্তৃপক্ষকে জবাব দাখিল করতেই হবে বলে জানিয়েছেন আইনজীবী।

সোমবার (২৯ মে) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহিউদ্দিন শামীমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রবির পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সোহান চৌধুরী। মাহতাব উদ্দিনের আইনজীবী হলেন ব্যারিস্টার হাসান এম এস আজিম।

পরে ব্যারিস্টার হাসান এম এস আজিম বলেন, মোবাইল নেটওয়ার্ক অপারেটর রবি আজিয়াটা লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাহতাব উদ্দিন আহমেদ প্রতিষ্ঠানটির কাছে ২২৭ কোটি টাকা চেয়ে মামলা করেন। এই আদালত রবি কর্তৃপক্ষকে জবাব দাখিলের নির্দেশ দেন। কিন্তু রবি কর্তৃপক্ষ মামলার জবাব আদালতে দাখিল না করে হাইকোর্টে রিভিশন আবেদন করেন। আবেদনে জবাব না দাখিল করার নির্দেশনা চাওয়া হয়। হাইকোর্ট আজ রবির আবেদন খারিজ করে দিয়েছেন। এর ফলে রবি কর্তৃপক্ষকে আদালতে জবাব দাখিল করতে হবে।

গত বছরের ২২ আগস্ট মোবাইল নেটওয়ার্ক অপারেটর রবি আজিয়াটা লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাহতাব উদ্দিন আহমেদ প্রতিষ্ঠানটির কাছে ২২৭ কোটি টাকা চেয়ে মামলা করেন। এই টাকা তিনি চেয়েছেন ‘অবসর–সুবিধা ও অন্যায়ভাবে চাকরিচ্যুতি’র ক্ষতিপূরণ বাবদ।

ঢাকা যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতে এ মামলা করেন। এতে রবি আজিয়াটা ছাড়াও প্রতিষ্ঠানটির সাবেক সিইও ইজাদ্দিন ইদ্রিস, বর্তমান বোর্ড চেয়ারম্যান থায়াপরান এস সাঙ্গারা পিল্লাইসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়।

২০১০ সালে মাহতাব উদ্দিন প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) পদে রবিতে যোগ দেন। ২০১৬ সালে হন সিইও। পরে ২০২১ সালে তিনি পদত্যাগ করেন।

আইনজীবী হাসান এম এস আজিম বলেন, মাহতাব উদ্দিন ২০২১ সালের ২ আগস্ট পদত্যাগপত্র জমা দেন, যা একই বছরের ৩১ অক্টোবর থেকে কার্যকর হওয়ার কথা। রবির পরিচালনা পর্ষদ সে বছরের ৫ আগস্ট শর্তহীনভাবে সে পদত্যাগপত্র গ্রহণের কথা এক চিঠিতে তাকে জানায়। তবে ২০২২ সালের ২২ মে রবি আজিয়াটা গ্রুপ মাহতাব উদ্দিনকে চাকরিচ্যুত করার নোটিশ দেয়। হঠাৎ করে রবি মাহতাব উদ্দিনের বিরুদ্ধে ২০১৯ সালের একটি আর্থিক লেনদেনের বিষয়ে ২০২১ সালের ৭ অক্টোবর কারণ দর্শানোর নোটিশ পাঠায়। এই লেনদেন সম্পর্কে আজিয়াটা গ্রুপ ও রবির বোর্ড অবগত ছিল।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top