shomoynew_wp969 আফগানিস্তানে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২২০০ | আন্তর্জাতিক | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


আফগানিস্তানে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২২০০


প্রকাশিত:
৪ সেপ্টেম্বর ২০২৫ ০৯:২৭

আপডেট:
৪ সেপ্টেম্বর ২০২৫ ০৯:২৯

ছবি সংগৃহীত

আফগানিস্তানে পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশের শক্তিশালী ভূমিকম্পের ৫ দিন পরও বিধ্বস্ত বাড়িঘরের ধ্বংসস্তূপের নিচ থেকে একের পর এক মৃতদেহ উদ্ধার করা হচ্ছে। এতে মৃতের সংখ্যা ২ হাজার ২০০ জন ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে তালেবান কতৃপক্ষ।

বৃহস্পতিবার তালেবান সরকারের উপ-মুখপাত্র হামদুল্লাহ ফিতরাত এক এক্স বার্তায় বলেছেন, শুধুমাত্র কুনার প্রদেশে মৃতের সংখ্যা বেড়ে ২ হাজার ২০৫ জনে দাঁড়িয়েছে। এছাড়া আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৬৪০ জনে।

এরআগে কুনার প্রদেশের স্থানীয় নিরাপত্তা বাহিনীর মুখপাত্র রহিমুল্লাহ হামজালা সরকারি বাখতার নিউজ এজেন্সিকে বলেছেন, ‘ধ্বংসস্তূপের নিচে এখনও অনেক মানুষ আটকা পড়ে আছেন এবং জীবিতদের উদ্ধারে অভিযান অব্যাহত থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।’

তালেবান সরকার আশঙ্কা করছে, নাঙ্গারহার, লাঘমান এবং পাঞ্জশির প্রদেশ থেকে হতাহতের বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি, ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। নাঙ্গারহারে ইতিমধ্যেই কমপক্ষে ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

এদিকে জাতিসংঘসহ মানবিক সংস্থাগুলো সতর্ক করে দিয়েছে, ধ্বংসস্তূপের নিচে এখনও মানুষ আটকা পড়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে, কারণ বেঁচে থাকার সময় শেষ হয়ে আসছে। হতাহতের সংখ্যা ও ক্ষয়ক্ষতি এড়াতে জরুরিভাবে আন্তর্জাতিক সহায়তা প্রয়োজন। যদিও প্রতিবেশী পাকিস্তান, ইরান, চীন, তুরস্ক এবং ভারত ইতোমধ্যে সহায়তা পাছিয়েছে, পাশাপাশি পশ্চিমা দেশগুলোও সাহায্য পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় রোববার রাত ১১টা ৪৭ মিনিটে দেশটির পূর্বাঞ্চলে ৬ মাত্রার এই ভূমিকম্পটি আঘাত হানে, যখন বেশিরভাগ বাসিন্দা ঘুমিয়ে ছিলেন। ভূমিকম্পটির গভীরতা ছিল মাত্র ৮ কিলোমিটার (৫ মাইল)। এরপর আরও অন্তত তিনটি পরাঘাত হয়েছে, যার মাত্রা ছিল ৪ দশমিক ৫ থেকে ৫ দশমিক ২-এর মধ্যে। প্রায় ৪০০ কিলোমিটার দূরে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদেও এসব কম্পন অনুভূত হয়েছে।

২০২১ সালে তালেবানরা ক্ষমতায় ফিরে আসার পর থেকে আফগানিস্তানে আঘাত হানা এটি তৃতীয় বড় ভূমিকম্প। এই ভূমিকম্পে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে এই ভূমিকম্পের কেন্দ্রস্থলের সবচেয়ে কাছে অবস্থিত পাহাড়ি কুনার প্রদেশে। দুর্গম এবং পাহাড়ি এলাকাটিতে উদ্ধারকাজ কঠিন হয়ে পড়েছে। হেলিকপ্টারের মাধ্যমে ক্ষতিগ্রস্ত এসব এলাকায় পৌঁছানোর চেষ্টা করছেন উদ্ধারকারীরা।

তালেবান কর্তৃপক্ষ জানিয়েছে, শক্তিশালী এই ভূমিকম্পে ৬ হাজার ৭০০টিরও বেশি বাড়িঘর ধ্বংস হয়ে গেছে।

ব্রিটিশ-ভিত্তিক দাতব্য সংস্থা ইসলামিক রিলিফ ওয়ার্ল্ডওয়াইডের একটি মূল্যায়ন প্রতিবেদনে জানিয়েছে, কুনার প্রদেশের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কিছু গ্রামে, প্রতি তিনজনের মধ্যে দুজন নিহত বা আহত হয়েছেন এবং সেখানে ৯৮ শতাংশ ভবন হয় ভূমিকম্পে সম্পূর্ণ ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে আন্তর্জাতিক রেড ক্রস এবং রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, কুনার প্রদেশ জুড়ে মানবিক চাহিদা দ্রুত বৃদ্ধি পাচ্ছে।

প্রাথমিক পরিসংখ্যানের বরাতে সংস্থাগুলো আরও জানিয়েছে, ‘প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ৮৪ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।’

সূত্র: আনাদোলু, রয়টার্স



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top