shomoynew_wp969 তেহরানজুড়ে ফের বিস্ফোরণ, বাসিন্দাদের এলাকা ছাড়ার নির্দেশ ইসরায়েলের | আন্তর্জাতিক | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


তেহরানজুড়ে ফের বিস্ফোরণ, বাসিন্দাদের এলাকা ছাড়ার নির্দেশ ইসরায়েলের


প্রকাশিত:
১৬ জুন ২০২৫ ১১:০২

আপডেট:
৬ ফেব্রুয়ারি ২০২৬ ০৩:৩৬

ছবি সংগৃহীত

ইরানের রাজধানী তেহরানের পূর্ব ও পশ্চিমাঞ্চলে আবারও বড় ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার দেশটির সরকারি গণমাধ্যমের খবরে তেহরানে নতুন করে বিস্ফোরণের এই তথ্য জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও এবং ছবিতে দেখা যায়, বিস্ফোরণস্থলের আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলী উড়ছে।

ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) নিয়ন্ত্রিত বার্তা সংস্থা ফারস নিউজ এজেন্সি বলেছে, তেহরানের পশ্চিমাংশে একটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে ইসরায়েল। এছাড়া রাজধানী পূর্বাঞ্চলেও বড় ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে দেশটির অন্যান্য সংবাদমাধ্যম খবর দিয়েছে।

এর আগে, ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী তেহরানে সরকারি ও সামরিক স্থাপনার আশপাশের এলাকার বাসিন্দাদের দ্রুত অন্যত্র চলে যাওয়ার আহ্বান জানায়। ইসরায়েলি সামরিক বাহিনীর এই আহ্বানের পরপরই তেহরানের পূর্ব ও পশ্চিম অংশে বিস্ফোরণ ঘটেছে।

তবে বিস্ফোরণে কোনও হতাহত হয়েছে কি না তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। এদিকে, আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এই প্রথমবারের মতো তেহরানের নির্দিষ্ট একটি এলাকা ডিস্ট্রিক্ট থ্রি থেকে লোকজনকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।

তেহরানের উত্তরের ঘনবসতিপূর্ণ এলাকার পূর্বাংশে অবস্থিত এই জেলায় কয়েকটি দেশের দূতাবাস রয়েছে। যার মধ্যে ব্রিটিশ দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীদের বাসভবন এবং জাতিসংঘের কার্যালয়ও আছে।

অত্যন্ত গুরুত্বপূর্ণ ওই এলাকায় ইসরায়েলি বাহিনীর আসল লক্ষ্য কী, তা এখনও পরিষ্কার নয়। তারপরও সেখানকার বাসিন্দাদের দ্রুত এলাকা ছাড়ার হুমকি দিয়েছে ইসরায়েলি বাহিনী; যা নজিরবিহীন ঘটনা।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, শুক্রবার থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত দেশটিতে অন্তত ২২৪ জন নিহত হয়েছেন। অন্যদিকে, ইরানের হামলায় ইসরায়েলে কমপক্ষে দুই ডজন নিহত ও আরও অনেকেই আহত হয়েছেন।

সূত্র: আল জাজিরা, বিবিসি।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top