shomoynew_wp969 হামাসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান মালয়েশিয়ার | আন্তর্জাতিক | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৬, ২৪শে মাঘ ১৪৩২


হামাসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান মালয়েশিয়ার


প্রকাশিত:
৮ নভেম্বর ২০২৩ ০৭:৪০

আপডেট:
৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৪৯

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। ছবি: আনাদোলু এজেন্সি

ফিলিস্তিনি সংগঠন হামাসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের একতরফা নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করেছে মালয়েশিয়া। মঙ্গলবার দেশটি বলেছে যে তারা হামাস এবং বিভিন্ন ফিলিস্তিনি গোষ্ঠীর বিদেশী সমর্থকদের লক্ষ্য করে প্রস্তাবিত মার্কিন আইনের অধীনে একতরফা নিষেধাজ্ঞা গ্রহণ করবে না।

কুয়ালালামপুর-ভিত্তিক বার্নামা নিউজ জানিয়েছে, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেছেন যে "মার্কিন যুক্তরাষ্ট্র-সহ অন্য কোনো দেশের দ্বারা পাস করা একতরফা নিষেধাজ্ঞাকে আমরা স্বীকৃতি দেই না।"

তিনি জানান, তার দেশ ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাসের সঙ্গে সম্পর্ক রক্ষা করে চলবে এবং তাদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে না।

মঙ্গলবার মালয়েশিয়ার জাতীয় সংসদে আনোয়ার ইব্রাহিম বলেন, “ফিলিস্তিনি ইস্যুতে মালয়েশিয়ার সর্বসম্মতভাবে সমর্থন দেওয়া উচিত।” মার্কিন সরকার হামাসের আন্তর্জাতিক সমর্থকদের ওপর নিষেধজ্ঞা দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এ কথা বললেন। হামাস ও ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলনের আন্তর্জাতিক সমর্থকদের ওপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে গত সপ্তাহে মার্কিন কংগ্রেসে ভোটাভুটি হয়।

বিশ্লেষকরা বলছেন, মালয়েশিয়া এমন একটি দেশ যেখানে সব রাজনৈতিক দল ফিলিস্তিনিদের প্রতি দীর্ঘ দিন ধরেই সমর্থন দিয়ে আসছে। এছাড়া ফিলিস্তিন ও মালয়েশিয়ার সম্পর্ক অনেক গভীর।

মার্কিন সরকারের ঘোষণার বিষয়ে মালয়েশিয়া সরকারের অবস্থান কী- গতকাল সংসদে তা জানতে চান বিরোধীদলের এক এমপি। বিরোধী এমপির প্রশ্নের জবাবে আনোয়ার ইবরাহিম বলেন, “আমেরিকার এই হুমকিসহ কোনো হুমকিই আমি মেনে নেব না। এই পদক্ষেপ একতরফা এবং এর কোনো বৈধতা নেই।” তিনি বলেন, “জাতিসংঘের সদস্য হিসেবে আমরা শুধু নিরাপত্তা পরিষদে পাস হওয়া কোনো প্রস্তাবকে স্বীকার করি।”

মালয়েশিয়া দীর্ঘ দিন ধরেই ফিলিস্তিন-ইসরায়েল সংকটে ফিলিস্তিনের পক্ষে সমর্থন দিয়ে আসছে। দেশটি এখন পর্যন্ত ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি এবং স্বাধীন ফিলিস্তিন গঠন না হওয়া পর্যন্ত ইসরায়েলকে স্বীকৃতি দেবে না বলে জানিয়েছে।

সূত্র : আনাদোলু এজেন্সি



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top