shomoynew_wp969 মরক্কোয় শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৬৩২ | আন্তর্জাতিক | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৬, ২৪শে মাঘ ১৪৩২


মরক্কোয় শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৬৩২


প্রকাশিত:
৯ সেপ্টেম্বর ২০২৩ ০৯:১০

আপডেট:
৯ সেপ্টেম্বর ২০২৩ ১০:০০

 ফাইল ছবি

মরক্কোয় ৬ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে এখন পর্যন্ত কমপক্ষে ৬৩২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া আহত হয়েছে আরও ৩২৯ জন। স্থানীয় সময় শুক্রবার রাতে (৯ সেপ্টেম্বর) ভূমিকম্পটি আঘাত হানে। খবর এএফপি, আল জাজিরা।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে হতাহতের সংখ্যা নিশ্চিত করা হয়। একই সঙ্গে জানানো হয় যে, আহতদের মধ্যে ৫১ জনের অবস্থা বেশ গুরুতর।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, শুক্রবার স্থানীয় সময় রাত ১১টার কিছু পরে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল আটলাস পর্বতমালার ওকাইমেডেনের স্কি রিসোর্টের কাছে, যা জনপ্রিয় পর্যটন শহর মারাকেশ থেকে ৭৫ কিলোমিটার (৪৫ মাইল) দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত।

মারাকেশের স্থানীয় বাসিন্দা আবদেলহাক এল আমরানি (৩৩) বলেন, আমরা প্রচণ্ড কম্পন অনুভব করি। এরপরেই বুঝতে পারি যে, ভূমিকম্প আঘাত হেনেছে। তিনি বলেন, আমি দেখতে পাচ্ছিলাম যে, ভবনগুলো কাঁপছে। এরপরেই আমি বাইরে বেরিয়ে যাই এবং দেখি যে অনেকেই সেখানে আছে। লোকজন ভয়ে-আতঙ্কে বাড়ির বাইরে বেরিয়ে আসে। শিশুরা ভয়ে কাঁদছিল।

তিনি আরও বলেন, প্রায় ১০ মিনিট বিদ্যুৎ ছিল না এবং টেলিফোনের নেটওয়ার্কও ছিল না। পরে অবশ্য সব আবার স্বাভাবিক হয়েছে। তবে সবাই বাইরেই থাকার সিদ্ধান্ত নেয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, ভূমিকম্পটির গভীরতা ছিল ১৮.৫ কিলোমিটার।

প্রতিবেশী আলজেরিয়াতেও ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে দেশটির আলজেরিয়ান বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, ভূমিকম্প থেকে সেখানো কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।

এর আগে ২০০৪ সালে মরক্কোর উত্তর-পূর্বাঞ্চলীয় আল হোসেইমা শহরে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে কমপক্ষে ৬২৮ জন নিহত হয়।

এছাড়া ১৯৮০ সালে প্রতিবেশী আলজেরিয়ার এল আসনাম শহরে ৭ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রায় আড়াই হাজার মানুষের মৃত্যু হয়। এছাড়া কমপক্ষে আরও তিন লাখ মানুষ গৃহহীন হয়ে পড়ে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top