shomoynew_wp969 লটারির মাধ্যমে ১২১ কর্মচারীকে বদলি করল রাজউক | আবাসন | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


লটারির মাধ্যমে ১২১ কর্মচারীকে বদলি করল রাজউক


প্রকাশিত:
২১ মার্চ ২০২৪ ০৭:৪৮

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:০০

ছবি-সংগৃহীত

লটারির মাধ্যমে ১১টি পদের ১২১ কর্মচারীকে বদলি করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। বৃহস্পতিবার রাজউক ভবনের সভাকক্ষে লটারির মাধ্যমে ১১টি পদের ১২১ জন কর্মচারীকে বদলি করা হয়।

পদগুলো হলো- কানুনগো (গ্রেড-১০), ইমারত পরিদর্শক (গ্রেড-১০), হিসাবরক্ষক (গ্রেড-১১), নথিরক্ষণ কর্মকর্তা (গ্রেড-১২), নক্সাকার (গ্রেড-১২), উচ্চমান সহকারী (গ্রেড-১৪), সুপারভাইজার (গ্রেড-১৬), ডাটা এন্ট্রি অপারেটর (গ্রেড-১৬), কনিষ্ঠ হিসাব সহকারী (গ্রেড-১৬), অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর (গ্রেড-১৬) এবং নথিরক্ষক (গ্রেড-১৭)।

এ সময় রাজউক চেয়ারম্যান (সচিব) জনাব আনিছুর রহমান মিঞা জানান, পদায়ন, বদলি ও অন্যান্য দাফতরিক কার্যক্রমের স্বচ্ছতা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ। এর অংশ হিসেবে লটারির মাধ্যমে বদলির এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এর আগে গত বছরের ৭ আগস্ট রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষে বিভিন্ন পদে নতুন যোগদান করা ১৩০ জন কর্মকর্তা-কর্মচারী এবং চলতি বছরের ৭ ফেব্রুয়ারি সার্ভেয়ার পদে নতুন যোগদান করা ৩২ কর্মচারীকে একই প্রক্রিয়ায় লটারির মাধ্যমে বিভিন্ন দপ্তরে পদায়ন করা হয়।

লটারি পদ্ধতিতে বদলি হওয়া কর্মচারীরা কোথাও কোনো তদবির না করে স্বচ্ছতার সঙ্গে কর্মস্থলে যোগদান করবেন উল্লেখ করে রাজউক চেয়ারম্যান আরও বলেন, দাপ্তরিক কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিতকরণের ওপর আমরা সর্বোচ্চ গুরুত্বারোপ করছি, যাতে করে রাজউকের কর্মচারীরা নিরপেক্ষভাবে সেবামুখী মনোভাব নিয়ে কাজ করে নাগরিক সেবার মান বৃদ্ধিতে অবদান রাখতে পারেন। ২০৪১ সালের মধ্যে উন্নত, সমৃদ্ধ, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে উন্নত নাগরিক সেবার কোনো বিকল্প নেই।

অনুষ্ঠানে রাজউকের সদস্য (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ খুরশীদ আলম, সদস্য (এস্টেট ও ভূমি) মোহাম্মদ নূরুল ইসলাম, সদস্য (উন্নয়ন) মেজর (অব.) ইঞ্জিনিয়ার সামসুদ্দীন আহমদ চৌধুরী ও সদস্য (উন্নয়ন নিয়ন্ত্রণ) মোহাম্মদ আব্দুল আহাদ প্রমুখ উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top