shomoynew_wp969 পুলিশের হাতে আটক রাখি সাওয়ান্ত | বিনোদন | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


পুলিশের হাতে আটক রাখি সাওয়ান্ত


প্রকাশিত:
১৯ জানুয়ারী ২০২৩ ১৮:৩০

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:০৫

 ফাইল ছবি

বেশ কিছুদিন ধরে খবরের শিরোনামে ভারতীয় বিতর্কিত মডেল ও অভিনেত্রী রাখি সাওয়ান্ত। প্রেমিক আদিল দুরানির সঙ্গে বিয়ে, ধর্মান্তর, গর্ভপাত নিয়ে চর্চার কেন্দ্রে সাবেক এই বিগ বস প্রতিযোগী। এবার শিরোনামে এলেন মুম্বাই পুলিশের হাতে আটক হয়ে।

বলিউড অভিনেত্রী শার্লিন চোপড়ার দায়ের করা অভিযোগের ভিত্তি মুম্বাইয়ের আম্বোলি থানায় আটক হন রাখি। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে খবরটি জানান অভিনেত্রী নিজে। শার্লিন টুইট করে জানান, মুম্বাই সেশন কোর্টে রাখি সাওয়ান্তের আগাম জামিনের আর্জি খারিজ হয়ে গিয়েছে। তারপরেই বৃহস্পতিবার রাখিকে আটক করে আম্বোলি থানার পুলিশ।

গত বছর বলিউড পরিচালক ও প্রযোজক সাজিদ খানের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ করেন শার্লিন চোপড়া। শুধু শার্লিন নন, বলিউডে ‘মিটু’ আন্দোলন চলাকালীন সাজিদ খানের বিরুদ্ধে সরব হন মোট ৯ জন মহিলা।

মুম্বাই পুলিশের কাছে সাজিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন শার্লিন। অভিনেত্রী এ-ও দাবি করেন, সাজিদ খান প্রভাবশালী হওয়ায় মুম্বাই পুলিশের কাছ থেকে কোনো সাহায্য পাচ্ছেন না তিনি। সেই সময় সাজিদের বিরুদ্ধে শার্লিনের অভিযোগ নিয়ে মুখ খোলেন রাখি সাওয়ান্ত।

‘সাজিদ খানের বিরুদ্ধে কেউ সাক্ষ্য দেয়নি, কেন পুলিশ কোনো পদক্ষেপ নেবে? শাড়ি পরে, মেকআপ করে অন্যকে দোষারোপ করতে লজ্জা করে না! মুম্বাই পুলিশ জানে কোন মামলায় দম নেই’,— শার্লিনকে কটাক্ষ করে মন্তব্য করেন রাখি। এমনকি শার্লিনকে ‘শুধরানোর’ সবকও দেন ‘বিগ বস’ খ্যাত এই তারকা। রাখির এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে গত বছর নভেম্বরেই থানায় এফআইআর দায়ের করেন শার্লিন। সেই এফআইআর-এর ভিত্তিতেই আটক হলেন রাখি।

সূত্রের খবর, বৃহস্পতিবার দুপুরে স্বামী আদিল দুরানির সঙ্গে নিজের নাচের অ্যাকাডেমি উদ্বোধন করার কথা ছিল রাখির। তার আগেই তাকে আটক করে পুলিশ।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top