shomoynew_wp969 আলি ফজলের সঙ্গে জুটি বাঁধলেন মিমি | বিনোদন | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


আলি ফজলের সঙ্গে জুটি বাঁধলেন মিমি


প্রকাশিত:
১৪ সেপ্টেম্বর ২০২২ ১৮:৩৩

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:২০

 ছবি : সংগৃহীত

বাংলা সিনে দুনিয়ার অন্যতম জনপ্রিয় নায়িকা মিমি চক্রবর্তী বলিউডে পা রাখছেন। কারণ কিছুদিন আগেই জানা গেছে, মিমির জনপ্রিয় ছবি পোস্ত-র হিন্দি রিমেক হচ্ছে। ২০১৭ সালে মুক্তি পেয়েছিল শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের ছবি পোস্ত। দাদু ঠাকুমার কাছে বেড়ে ওঠা এক বাচ্চার অভিভাবক কে হবেন তা নিয়ে দ্বন্দ্ব দেখা যায় শিশুটির বাবা ও ঠাকুরদার মধ্যে। সেই ছবিতে মায়ের চরিত্রে অভিনয় করেছেন মিমি। এবার সেই ছবির হিন্দি রিমেকেও দেখা যাবে মিমিকে। আর মিমির সঙ্গে এবার অভিনয় করতে দেখা যাবে আলি ফজলকে।

পোস্ত-র পাশাপাশি একটি হিন্দি ওয়েবসিরিজেও অভিনয় করতে চলেছেন মিমি। ওয়েব সিরিজটি পরিচালনার দায়িত্বে রয়েছেন সৌমিক সেন। এর আগে মাধুরী দীক্ষিত ও জুহি চাওলাকে নিয়ে ‘গুলাবি গ্যাং’ বানিয়েছিলেন সৌমিক। বাংলায় যীশু সেনগুপ্তকে নিয়ে তৈরি করেছিলেন ‘মহালয়া’। বক্স অফিসে সফলতা না পেলেও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে দুটি ছবিই। তার নয়া ওয়েব সিরিজেই মিমির বিপরীতে দেখা যাবে আলি ফজলকে।

মির্জাপুর সিরিজের হাত ধরে ওয়েব দুনিয়ায় জনপ্রিয়তা পান আলি। শোনা যাচ্ছে সেই ওয়েব সিরিজে শুধু মিমি নন, অন্যতম মুখ্য চরিত্রে রয়েছেন টলিউডের আরেক জনপ্রিয় অভিনেতা অনির্বান ভট্টাচার্য। দেবালয় ভট্টাচার্যের ‘ড্রাকুলা স্যর’ ছবিতে একসঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন অনির্বাণ ও মিমি। যদিও এখনো পর্যন্ত এই ওয়েব সিরিজ নিয়ে কোনো অফিসিয়াল খবর শেয়ার করেনি প্রযোজনা সংস্থা।

মৈণাক ভৌমিকের শেষ ছবি ‘মিনি’-তে শেষ দেখা গিয়েছিল মিমি চক্রবর্তীকে। মাসি ও বোনঝির গল্প বেশ পছন্দ করেছিল দর্শক। এরইমধ্যেই অরিন্দম শীলের আগামী থ্রিলার ‘খেলা হবে’-র শুট করেছেন মিমি, সেই ছবিতে মিমির সঙ্গে দেখা যাবে অর্জুন চক্রবর্তী ও সুস্মিতা চট্টোপাধ্যায়কে। সোমরাজ মাইতির সঙ্গে একটি ছবিতেও অভিনয় করছেন তিনি। পরিচালক প্রেমেন্দু বিকাশ চাকীর সেই ছবির নাম ‘পলাশের বিয়ে’।

প্রসঙ্গত, পোস্ত ছবির হিন্দি রিমেকের নাম ‘শাস্ত্রী বিরুধ শাস্ত্রী’। পোস্তর গল্প নিয়েই তৈরি হচ্ছে এই ছবি। মিমি চক্রবর্তী ছাড়াও এই ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে পরেশ রাওয়াল, নীনা কুলকারনি, অম্রুতা সুভাস, শিব পন্ডিত ও মনোজ যোশী। ছবির গল্প একটি ছোট বাচ্চার আইনি কাস্টিডি নিয়ে তাঁর বাবা ও ঠাকুরদার আইনি লড়াই।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top