shomoynew_wp969 ক্যানসারে মারা গেলেন অভিনেত্রী | বিনোদন | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


ক্যানসারে মারা গেলেন অভিনেত্রী


প্রকাশিত:
২৯ ডিসেম্বর ২০২৫ ১০:৩৪

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:২২

ছবি : সংগৃহীত

ভারতীয় ছোটপর্দার বর্ষীয়ান অভিনেত্রী শ্রাবণী বণিক আর নেই। ‘রাঙা বউ’ ও ‘সোহাগ চাঁদ’সহ একাধিক জনপ্রিয় ধারাবাহিকের এই অভিনেত্রী সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ৯টায় চিকিৎসাধীন অবস্থায় শেষে নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে ফুসফুস ক্যানসার এবং মেটাস্টেসিসে ভুগছিলেন অভিনেত্রী। গত মাসে অভিনেত্রীর চিকিৎসার জন্য অনুরাগীদের কাছে হাত পেতেছিলেন তার ছেলে অচ্যুত আদর্শ।

অভিনেত্রীর মৃত্যুর পর ভারতীয় গণমাধ্যমকে পরিচালক বাবু বণিক বলেন, ‘শ্রাবণীর মৃত্যুতে আমরা স্তম্ভিত। অনেকদিনের বন্ধু আমরা। শেষ সময়টা খুব কষ্ট পেয়েছে। কাজ থেকেও অনেকদিন দূরে ছিল। ভাবতেই পারছি না শ্রাবণী আর নেই। হাসপাতালেই আছি সকাল থেকে। আজ বিকেলের শেষকৃত্য হবে।’

এর আগে মায়ের চিকিৎসার জন্য সহায়তা চেয়ে সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীর ছেলে লিখেছিলেন ‘আমাদের সবার প্রিয় অভিনেত্রী শ্রাবণীর ছেলের আবেদন। শ্রাবণী দুরারোগ্য ক্যানসারে আক্রান্ত। আপনাদের সাহায্য চাই। সবাই এগিয়ে আসুন।’

ক্রাউড ফান্ডিং প্ল্যাটফর্‌ম কেটোতেও তাঁর মায়ের চিকিৎসার জন্য তহবিল সংগ্রহের আবেদন জানিয়ে লেখেন, ‘আমি আমার মা শ্রাবণী বণিকের জন্য অর্থ সংগ্রহ করছি। আমার মা ফুসফুস ক্যানসার এবং মেটাস্টেসিসে ভুগছেন। পরিবার চিকিৎসার জন্য প্রয়োজনীয় মোট অর্থ সংগ্রহের জন্য যথাসাধ্য চেষ্টা করেছে। কিন্তু সমস্ত চিকিৎসা খরচ বহন করতে আরও ১২ লাখ টাকা প্রয়োজন।’

অচ্যুত আরও লিখেছিলেন, ‘যেহেতু এই বিশাল পরিমাণ অর্থ সংগ্রহ করা সময় সাপেক্ষে ব্যাপার, তাই আপনাদের সবার কাছে সাহায্যের অনুরোধ জানাচ্ছি। আপনারা প্রত্যেকে যদি অল্প সাহায্য নিয়েও এগিয়ে আসেন সেটাও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আপনাদের সাহায্যের জন্য কৃতজ্ঞ থাকব।’

শ্রাবণী অভিনীত উল্লেখযোগ্য ধারাবাহিকগুলোর মধ্যে রয়েছে, ‘লালকুঠি’, ‘রাঙা বউ’, ‘গোধূলী আলাপ’, ‘সোহাগ চাঁদ’, ‘আলো'।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top