shomoynew_wp969 সেই পদদলনের ঘটনায় ফেঁসে গেলেন আল্লু অর্জুন | বিনোদন | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


সেই পদদলনের ঘটনায় ফেঁসে গেলেন আল্লু অর্জুন


প্রকাশিত:
২৭ ডিসেম্বর ২০২৫ ১৩:৩৯

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:২৩

ফাইল ছবি

ভারতের দক্ষিণী সিনেমার অভিনেতা আল্লু অর্জুন এখন বাস্তবেই খলনায়কের কাঠগড়ায়। তার অভিনীত ব্লকবাস্টার সিনেমা 'পুষ্পা ২: দ্য রুল'-এর প্রিমিয়ার শো চলাকালীন সংঘটিত সেই ভয়াবহ পদদলনের ঘটনায় অভিনেতাসহ ২৪ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে চার্জশিট গঠন করা হয়েছে। হায়দারাবাদের নামপল্লী আদালতের ৯ম অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (এসিজেএম)-এর কাছে এই নথি জমা দিয়েছে পুলিশ।

২০২৪ সালের ৪ ডিসেম্বর হায়দরাবাদের আরটিসি এক্স রোডসের সন্ধ্যা থিয়েটারে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। প্রিয় তারকাকে এক নজর দেখতে আসা হাজারো ভক্তের চাপে পদদলিত হয়ে রেবতী (৩৫) নামের এক নারী প্রাণ হারান। এ সময় তার শিশুসন্তান শ্রীতেজ গুরুতর আহত হয়ে দীর্ঘ সময় অক্সিজেন সংকটে ভোগে, যা তার শরীরে দীর্ঘমেয়াদী জটিলতা তৈরি করেছে।

তদন্ত প্রতিবেদনে পুলিশ জানিয়েছে, এই ট্র্যাজেডি কোনো সাধারণ দুর্ঘটনা ছিল না বরং এটি ছিল চরম অবহেলা ও নিরাপত্তা বিধি লঙ্ঘনের চূড়ান্ত উদাহরণ। চার্জশিটে আল্লু অর্জুনকে অভিযুক্ত করার মূল কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে যে, পরিস্থিতি অত্যন্ত ঝুঁকিপূর্ণ জেনেও তিনি থিয়েটারে উপস্থিত হয়েছিলেন। এমনকি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাকে আগেভাগে সতর্ক করা হলেও তিনি তা আমলে নেননি এবং স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে কোনো সমন্বয় ছাড়াই সেখানে যান।

চার্জশিটে আল্লু অর্জুন ছাড়াও সন্ধ্যা থিয়েটারের মালিক ও ব্যবস্থাপনা কমিটি, অভিনেতার ব্যক্তিগত ব্যবস্থাপক এবং আটজন ব্যক্তিগত বাউন্সারের নাম রয়েছে। অভিযোগ রয়েছে, থিয়েটার কর্তৃপক্ষ ভিআইপিদের জন্য আলাদা প্রবেশপথের ব্যবস্থা করেনি। পাশাপাশি অভিনেতার বাউন্সারদের কিছু আচরণ ও অঙ্গভঙ্গি উত্তেজিত জনতাকে আরও বেপরোয়া করে তোলে, যা শেষ পর্যন্ত পদদলনে রূপ নেয়।

অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৪-এ (অবহেলাজনিত মৃত্যু) এবং ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) একাধিক ধারায় মামলা করা হয়েছে। এর আগে ডিসেম্বরে আল্লু অর্জুনকে সাময়িকভাবে গ্রেপ্তার করা হলেও পরে তিনি জামিনে মুক্তি পান।

এদিকে ভুক্তভোগী পরিবার তাদের স্বজন হারানোর বিচারের পাশাপাশি আহত শিশুর চিকিৎসার জন্য উপযুক্ত ক্ষতিপূরণ দাবি করে আসছে। এই চার্জশিট দাখিলের মাধ্যমে মামলাটি এখন বিচারিক পর্যায়ে প্রবেশ করল, যা আল্লু অর্জুনের ক্যারিয়ারে এক বড় আইনি ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top