shomoynew_wp969 অভিনেতা হওয়ার জন্য বাড়ি ছেড়েছিলেন আয়ুষ্মান | বিনোদন | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


অভিনেতা হওয়ার জন্য বাড়ি ছেড়েছিলেন আয়ুষ্মান


প্রকাশিত:
৩০ অক্টোবর ২০২৫ ০৭:১৫

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৫৮

ফাইল ছবি

বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানার উত্থানের গল্পটা খুব একটা সহজ ছিল না। সাফল্যের চূড়ায় থাকা এই তারকাকে একসময় বাবার কঠিন নির্দেশের মুখে বাড়ি ছাড়তে হয়েছিল। স্নাতক শেষ হওয়ার পরেই তাকে বলা হয়েছিল, অভিনয় নিয়ে এগোতে হলে আর চণ্ডীগড়ে থাকা চলবে না, সোজা চলে যেতে হবে মুম্বাই।

বাবার সেই নির্দেশ মেনেই আজকের সুপারস্টার আয়ুষ্মান খুরানা। সম্প্রতি এক সাক্ষাৎকারে জীবনের সেই কঠিন সময়ের কথা তুলে ধরেছেন অভিনেতা। সেখানেই তিনি মুখ খুলেছেন জ্যোতিষশাস্ত্র ও বাবার পরামর্শ নিয়ে।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, আয়ুষ্মানের বাবা জ্যোতিষশাস্ত্রে বিশেষ আগ্রহী এবং নিয়মিত চর্চা করেন। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, বাবার পরামর্শ মেনেই কি তবে জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নেন আয়ুষ্মান? বিশেষ করে কোনো ছবি মুক্তির আগে কি বাবার থেকে বিশেষ কোনো ‘পরামর্শ’ নেন?

তার কথায়, ‘আপনারা শুনলে অবাক হবেন, আমি সব সময় জ্যোতিষশাস্ত্র থেকে দূরে থেকেছি। আমার নামের বানানেও অতিরিক্ত অক্ষর রয়েছে। কিন্তু সেটা ছোটবেলা থেকেই রয়েছে। আমি কিছু করিনি, আমি হাতে আংটিও পরি না। আমি কুসংস্কার বা এই ধরনের বিষয়ে বিশ্বাসী নই।’

তার কথায়, ‘আমি ঈশ্বরে বিশ্বাস করি, কর্মেও বিশ্বাস করি। কলেজে স্নাতক পাশ করার পরে আমি থিয়েটার করতাম। কিন্তু আমাকে তখন এক প্রকার বাড়ি থেকে বেরিয়ে যেতে বলা হয়েছিল।’

বাবা কড়া সুরে তাকে বলেছিলেন, ‘অভিনয় নিয়ে এগোতে হলে মুম্বাই চলে যাও। চণ্ডীগড়ে থেকে কিছু হবে না। এখনই বেরিয়ে না গেলে, জীবনে আর কিছু করা হবে না।’

বাবার সেই নির্দেশ ফেরাননি আয়ুষ্মান। সঙ্গে সঙ্গে চণ্ডীগড় ছেড়ে মুম্বই যাওয়ার প্রস্তুতি শুরু করেন। অভিনেতা মনে করেন, সেই দিন যদি তিনি বাবার কথা না শুনতেন এবং বাড়ি থেকে না বেরোতেন, তাহলে হয়তো আজকের মতো অভিনেতা হওয়া তার পক্ষে সম্ভব হতো না।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top