shomoynew_wp969 গুজবে কান দেবেন না : দীঘি | বিনোদন | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


গুজবে কান দেবেন না : দীঘি


প্রকাশিত:
১৪ সেপ্টেম্বর ২০২১ ০৯:৩৫

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ২২:১২

ফাইল ছবি

সম্প্রতি ‘হোটো পে নাম তেরা’ শিরোনামে একটি হিন্দি গানের মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন প্রার্থনা ফারদিন দীঘি। সুদীপ কুমার দীপের লেখা এই গানে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশের জনপ্রিয় শিল্পী ন্যানসি ও প্রেম। এ ছাড়াও কাজ করছেন নতুন সিনেমা ও ওয়েব সিরিজে।

মিউজিক ভিডিওতে কাজ করার অভিজ্ঞতা প্রসঙ্গে দীঘি বলেন, ‘প্রথমবারের মতো এ ধরনের মিউজিক ভিডিওতে কাজ করেছি। ক্যারিয়ারে শুরু থেকে মিউজিক ভিডিওর অনেক প্রস্তাব এসেছে। কিন্তু রাজি হইনি। কারণ, আমি সব সময় চেয়েছি মানুষের মনে থাকবে এমন ব্যতিক্রমী কাজ। তাই এতে অভিনয় করতে রাজি হয়েছি।’

এছাড়াও সম্প্রতি প্রথমবারের মতো ওয়েব সিরিজে অভিনয় করেছেন দীঘি। তার ভাষ্য, ‘এবারই প্রথম ওয়েব সিরিজের কাজ করলাম। নাম “শেষ চিঠি”। সুমন ধর পরিচালনায় এতে আমার সহশিল্পী ছিলেন ইয়াশ রোহান। সিরিজটি নির্মিত হয়েছে রোমান্টিক কমেডির গল্পে।’

বঙ্গবন্ধুর বায়োপিক ও ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’র পর ‘মুজিব ভাই’ শিরোনামে নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এতে তৃতীয়বারের মতো শেখ ফজিলাতুন নেছা রেণুর ভূমিকায় অভিনয় করবেন তিনি। এ প্রসঙ্গে দীঘি বলেন, ‘এই ছবির পাণ্ডুলিপি ভিন্নভাবে লেখা। নতুন করে জানতে পারছি শেখ ফজিলাতুন নেছা রেণু সম্পর্কে। যেহেতু আগে এই চরিত্রে অভিনয় করেছি, তাই নতুন করে অভিনয়ে কোনো ঝামেলা হবে না। “মুজিব ভাই” ছবিতে থাকছে জাতির পিতার রাজনৈতিক বিচক্ষণতার পাশাপাশি জেলজীবন। কঠিন এই সময়ে বঙ্গমাতার ভূমিকা কী- তা তুলে ধরা হবে সিনেমায়।’

এবার ভিন্ন প্রসঙ্গ, দীঘিকে নিয়ে শোবিজ পাড়ায় প্রেমের গুঞ্জন চলছে। এ প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, ‘নায়িকাদের প্রেমের গুঞ্জন থাকবে, এটা স্বাভাবিক। যা আমি খুব উপভোগ করি। মাত্র ক্যারিয়ার শুরু করেছি। সত্যি বলতে প্রেম নিয়ে এখনই ভাবছি না। প্রেম হলে আমি নিজেই জানিয়ে দেব।’

সঙ্গে যোগ করে তিনি আরও বলেন, ‘ফেসবুকে মাঝে মধ্যেই রোমান্টিক কবিতার লাইন পোস্ট করি। এ কারণেও অনেকে ভাবেন আমি প্রেমে পড়েছি। আসলে এগুলো আমার লেখা না, সংগৃহীত। কোনো কবিতা বা গানের লাইন ভালো লাগলে তা সবার সঙ্গে শেয়ার করি। আর আপাতত প্রেম না, ক্যারিয়ার নিয়েই ভাবছি। তাই বলবো, গুজবে কান দেবেন না।’



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top