shomoynew_wp969 পুরোনো ভিডিও ভাইরাল, আলোচনায় প্রীতি | বিনোদন | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৬, ২৪শে মাঘ ১৪৩২


পুরোনো ভিডিও ভাইরাল, আলোচনায় প্রীতি


প্রকাশিত:
২১ এপ্রিল ২০২৪ ০৩:৪৩

আপডেট:
৬ ফেব্রুয়ারি ২০২৬ ১১:২০

ছবি- সংগৃহীত

পুরোনো ঘটনাগুলো কখনও কখনও প্রাসঙ্গিক হয়ে ওঠে; জন্ম দেয় নানা আলোচনার। আরও একবার তার প্রমাণ মিলল অনেক দিন আগের একটি ভিডিও ভাইরাল হওয়ার মধ্য দিয়ে। যে ভিডিওতে বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা কথা বলেছিলেন বলিউড দুনিয়ার বাস্তবতা নিয়ে।

ভারতীয় এক সংবাদমাধ্যমে সাক্ষাৎকারের সেই ভিডিওতে তিনি স্বীকার করেছেন, স্টারকিড কিংবা বলিউডে যাদের পরিচিত কেউ নেই, তাদের নানা হয়রানির শিকার হতে হয়। পায়ের তলার মাটি শক্ত করতে মনের বিরুদ্ধে গিয়ে করতে হয় এমন কিছু কাজ, যা অনেকে কল্পনায়ও ভাবতে পারবেন না।

প্রীতির কথায়– ‘বলিউডে ছবি পাওয়ার জন্য যতদূর খুশি যেতে পারে ছেলেমেয়েরা। যাদের কোনো ব্যাকগ্রাউন্ড নেই, তারা মাথা তুলে দাঁড়াতে পারে না। তবে শুধু ফিল্মি ব্যাকগ্রাউন্ডের কথা বলছি না, যে কোনো ব্যাকগ্রাউন্ড না থাকলেই এ সমস্যা। সেসব ছেলেমেয়ের জন্য বলিউড নিরাপদ জায়গা নয়।’

ওই সাক্ষাৎকারে প্রীতি জানিয়েছেন, তিনি নিজেও ফিল্মি ব্যাকগ্রাউন্ডের একজন হিসেবে এমন অনেক প্রস্তাব পেয়েছেন, যা তাঁর কাছে কোনোভাবেই মেনে নেওয়ার মতো ছিল না। তবুও হাল ছেড়ে দেননি। নিজের অভিনয়ের প্রতি বিশ্বাস ধরে রেখেছিলেন। যার সুবাদে কারও সহযোগিতা ছাড়াই চলচ্চিত্র জগতে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন। তবে এও সত্য, নেপথ্যে কেউ না থাকলে অথবা কারও সহযোগিতা ছাড়া বলিউডে নিজের জায়গা তৈরি করা মুশকিল।

এদিক থেকে তিনি কিছুটা ভাগ্যবতী, কারণ যারা প্রতিভাকে মূল্যায়ন করেন, তেমনি কিছু মানুষের ছত্রছায়ায় কাজ করে যাওয়ার সুযোগ পেয়েছেন। অভিনেত্রীর এ কথা যে এখনও প্রাসঙ্গিক, ভিডিও ভাইরাল হওয়ার পর তা স্বীকারও করেছেন নেটিজেনদের অনেকে।

এদিকে পুরোনো ভিডিওর সূত্রে আলোচনায় আসা প্রীতি জিনতাকে নিয়ে দর্শক কৌতূহলও বেড়ে চলেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই প্রশ্ন করেছেন, এ অভিনেত্রীকে আবারও বড় পর্দায় দেখা যাবে কিনা। যদিও এ বিষয়ে প্রীতির পক্ষ থেকে কোনো উত্তর মেলেনি। তিনি এখন আইপিএলে নিজের দল পাঞ্জাব কিংসের সমর্থনে ছুটছেন এক স্টেডিয়াম থেকে আরেক স্টেডিয়ামে। এর বাইরে তিনি সময় কাটাচ্ছেন স্বামী ও যমজ সন্তান নিয়ে।

আকর্ষণীয় ব্যক্তিত্ব, গালে টোল পড়া হাসি দিয়ে দর্শক হৃদয়ে ঝড় তোলা এ অভিনেত্রীকে সবশেষ দেখা গিয়েছিল ‘ভাইয়াজি সুপারস্টার’ ছবিতে। ওই ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করেছিলেন সানি দেওল। বিরতি ভেঙে ছবিটির মাধ্যমে বলিউডে ফেরার চেষ্টা করলেও খুব একটা সুবিধা করতে পারেননি। কারণ ‘ভাইয়াজি সুপারস্টার’ ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top