shomoynew_wp969 মীনা কুমারীর বায়োপিক নিয়ে যা জানালেন মনীশ | বিনোদন | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৬, ২৪শে মাঘ ১৪৩২


মীনা কুমারীর বায়োপিক নিয়ে যা জানালেন মনীশ


প্রকাশিত:
২৪ জুলাই ২০২৩ ০৯:১৫

আপডেট:
৬ ফেব্রুয়ারি ২০২৬ ০৬:৪৯

 ফাইল ছবি

যার পোশাকে সাজতে পছন্দ করেন বলিউড তথা পুরো ভারতের তারকারা। সেই বিখ্যাত পোশাকশিল্পী মনীশ মালহোত্রা এবার আসতে চলেছেন সিনেমা নির্মাণে। কয়েক দশক ধরে তারকাদের চোখধাঁধানো পোশাকে সাজিয়েছেন যিনি, তার হঠাৎ এমন ভিন্ন ভাবনা অনেকেরই বিশ্বাস হচ্ছিল না। এবার বিষয়টিতে মান্যতা দিলেন মনীশ নিজেই।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সিনেমা পরিচালনার বিষয়টি স্বীকার করে নিয়েছেন মনীশ। তিনি জানিয়েছেন, আপাতত ছবির প্রি প্রোডাকশনের কাজে ব্যস্ত রয়েছেন। ছবির চিত্রনাট্য যাতে নিখুঁত হয়, সেই দিকে নজর রেখেছেন তিনি। চিত্রনাট্য লেখার কাজ শেষ হলেই শুরু হবে ছবির শুটিং।

ওই সাক্ষাৎকারে মনীশ জানান, একসময় অভিনেত্রী রেখা তাকে বলেছিলেন যে, ৪০-এ পা দেওয়ার পরে মনীশ নাকি মীনা কুমারীর জীবনকে আরও ভালোভাবে বুঝতে পারবেন। ৫৬ বছর বয়সী মনীশের দাবি, এখন তিনি শুধু মীনা কুমারী নন, নার্গিস, গুরু দত্ত, দিলীপ কুমারের জীবনকেও নতুন ভাবে বুঝতে পেরেছেন।

শোনা যাচ্ছে, ষাট ও সত্তরের দশকের নায়িকার চরিত্রের জন্য অভিনেত্রীও প্রায় চূড়ান্ত করে ফেলেছেন মনীশ। একটি সূত্রের দাবি, মীনা কুমারীর ভূমিকায় এই ছবিতে অভিনয় করতে পারেন কৃতি শ্যানন। ছবি প্রযোজনার দায়িত্বে থাকছেন প্রযোজক ভূষণ কুমার। যদিও এখনও ছবি নিয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।

উল্লেখ্য, মাত্র ৩৮ বছর বয়সে যকৃতের অসুখে মারা যান মীনা কুমারী। বলিউডে ‘দ্য ট্র্যাজেডি কুইন’ নামে পরিচিত তিনি। অত্যন্ত কম সময়ের কর্মজীবনেও প্রায় ৯০টি ছবিতে অভিনয় করেছিলেন তিনি। প্রয়াত অভিনেত্রীকে শ্রদ্ধা জানাতেই তার জীবনীচিত্র তৈরির সিদ্ধান্ত নিয়েছেন মনীশ মালহোত্রা।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top