shomoynew_wp969 শাকিব খানের সিনেমায় গাইবেন অরিজিৎ সিং | বিনোদন | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


শাকিব খানের সিনেমায় গাইবেন অরিজিৎ সিং


প্রকাশিত:
১৭ জুন ২০২৩ ১৪:০৩

আপডেট:
৬ ফেব্রুয়ারি ২০২৬ ০৩:৩৬

 ফাইল ছবি

শাকিব খানকে নিয়ে বিগ বাজেটের সিনেমা বানানোর ঘোষণা দিয়েছিলেন নির্মাতা অনন্য মামুন। কয়েকদিন আগেই তিনি জানিয়েছিলেন, যৌথ প্রযোজনায় নির্মিত একটি ছবিতে শিগগিরই শুটিং শুরু করবেন শাকিব। যেখানে তার বিপরীতে দেখা যেতে পারে বলিউডের কোনো নায়িকা।

অনন্য মামুন বলেছিলেন, ‘ছয় মাস ধরে গল্প লেখার কাজ চলছে। ভারতের সাথে কো-প্রোডাকশন (যৌথ প্রযোজনা) হচ্ছে। শাকিব খান হিরো। হিরোইন বলিউড থেকে নেয়া হচ্ছে। ৩০ সেপ্টেম্বর শুটিং শুরু হবে বেনারস থেকে।’

নির্মাতার এই ঘোষণার পর থেকেই শাকিব ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছে কবে থেকে শুরু হবে এই সিনেমার শুটিং? নতুন কিভাবে পর্দায় হাজির হবে ঢালিউড সুপারস্টার?

এসকল জল্পনা-কল্পনার মাঝেই এবার শোনা গেল নতুন আরো এক খবর। শাকিবের সিনেমায় গান গাইতে পারেন বলিউডের জনপ্রিয় সংগীত তারকা অরিজিৎ সিং।

অনন্য মামুন শনিবার এক ফেসবুক পোস্টে স্পষ্ট করলেন তার আসন্ন সিনেমায় গান গাইতে চলেছেন ‘প্রিয় শিল্পী’ অরিজিৎ সিং। এই নির্মাতা লেখেন- ‘সিনেমায় একটা মাত্র রোমান্টিক সং, আমারও একমাত্র পছন্দের শিল্পী অরিজিৎ সিং’।

কোন ছবির গান তা স্পষ্টভাবে না লিখলেও এই মুহূর্তে অনন্য মামুন শাকিবকে নিয়ে যৌথ প্রযোজনার ছবি তৈরি করেছেন। সদ্যই আনুষ্ঠানিকভাবে সে কথা জানিয়েছেন তিনি। তাই ভক্তদেরও বুঝতে খুব বেশি সমস্যা হয়নি, কোন ছবির কথা বলছেন এই পরিচালক।

অনন্য মামুনের সেই পোস্টে এক শাকিবভক্ত মন্তব্য করে জানতে চেয়েছেন কবে থেকে শুরু হবে সিনেমার শুটিং? তার জবাবে এই নির্মাতা জানিয়েছেন, ১০ সেপ্টেম্বর থেকে।

বর্তমানে ঈদুল আজহার ছবি 'প্রিয়তমা'র শুটিং করছেন শাকিব খান। এই ব্যস্ততা গেলেই তার সঙ্গে লিখিত চুক্তি প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানান মামুন। তিনি বলেন, মৌখিকভাবে সবকিছু চূড়ান্ত। ভাই (শাকিব খান) তার 'প্রিয়তমা' শেষ করে ফ্রি হলে আমরা একদিন বসে সাইনিং সম্পন্ন করব।

জানা গেছে, এই সিনেমার জন্য ইতোমধ্যেই বলিউডের নেহা শর্মা ও রিয়া চক্রবর্তীর সঙ্গে কথাবার্তা চলছে। তাদের কাউকে জুটি বাধতে দেখা যেতে পারে ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের সঙ্গে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top