shomoynew_wp969 রণবীরকে ‘সাদা ইঁদুর’ বলে আক্রমণ কঙ্গনার | বিনোদন | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


রণবীরকে ‘সাদা ইঁদুর’ বলে আক্রমণ কঙ্গনার


প্রকাশিত:
১১ জুন ২০২৩ ০৯:০৯

আপডেট:
৬ ফেব্রুয়ারি ২০২৬ ০২:০৫

 ফাইল ছবি

ভাট পরিবারের ওপর প্রথম থেকেই বেশ ক্ষিপ্ত বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। সেই ভাট পরিবারের মেয়ের জামাই আবার রণবীর কাপুর। ব্যস, এবার কঙ্গনার তোপের মুখে পড়লেন এ অভিনেতা। নাম না উল্লেখ করে আকারে ইঙ্গিতে রণবীরকে ‘রোগা সাদা ইঁদুর’ বলে কটাক্ষ করলেন। এতেই থেমে থাকেননি, সঙ্গে নারীঘেঁষা, মাদকাসক্ত বলতেও ছাড়েননি।

শোনা যাচ্ছে, রামায়ণের ওপর ভিত্তি করে বলিউডে ছবি তৈরি করছেন ‘ছিঁছোড়ে’ খ্যাত নির্মাতা নীতেশ তিওয়ারি। সেই ছবিতে রামের চরিত্রে অভিনয় করার কথা বলিউড তারকা রণবীর কাপুরের। তার বিপরীতে দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবীকে সীতার চরিত্রে পছন্দ করেছিলেন পরিচালক। তবে এবার জানা গেছে, সীতার চরিত্রের জন্য রণবীর কাপুরের বিপরীতে শেষমেশ আলিয়া ভাটকেই চূড়ান্ত করেছেন নির্মাতারা। রাবণের চরিত্রের জন্য পরিচালক কথা বলেছেন ‘কেজিএফ’ ছবির তারকা যশের সঙ্গে।

অভিনেতা চূড়ান্ত হয়ে যাওয়ার পর খুব শিগগিরই শুরু হতে চলেছে ছবির কাজও। খবরটা কানে গিয়েছে অভিনেত্রী কঙ্গনা রানাউতের। এবার খানিকটা স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই যেন প্রতিক্রিয়া দিলেন অভিনেত্রী।

তিনি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, “সম্প্রতি শুনলাম বলিউডে ‘রামায়ণ’ তৈরি হচ্ছে। রামের ভূমিকায় নাকি বলিউডের রোগা সাদা ইঁদুরকে দেখা যাবে। যার নারীমহলে বেশ নামডাক রয়েছে। পাশপাশি তিনি মাদকেও বেশ অভ্যস্ত। সম্প্রতি তিনি ‘শিবা ট্রিলজি’তে অভিনয় করেন। যদিও সেটা কেউ দেখেননি। এবার তার ইচ্ছা হয়েছে রামের রূপ ধারণ করার।”

রণবীরকে ‘রাম’ চরিত্রে পছন্দ না হলেও এই চরিত্রে কে তার পছন্দ সেটা জানাতেও ভোলেননি কঙ্গনা। তিনি আরও লেখেন, ‘আমার মনে হয় বাল্মিকীজির বর্ণনা অনুযায়ী দক্ষিণী তারকা যশ অনেক বেশি মানানসই রামের চরিত্রে। যদিও তাকে অবশ্য রাবণের চরিত্রের জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। একেই বলে ঘোর কলিযুগ।’

এর আগে শোনা গিয়েছিল, রাবণের চরিত্রে ধরা দেবেন বলিউডের ‘গ্রিক গড’ খ্যাত হৃতিক রোশন। ‘বিক্রম বেদা’ ছবিটি বক্স অফিসে ব্যর্থ হওয়ায় নিজের সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ান অভিনেতা। পরবর্তীতে এ চরিত্রে অভিনয়ের জন্য প্রস্তাব যায় কন্নড় অভিনেতা যশের কাছে। সব কিছু ঠিকঠাক এগোলে চলতি বছরের ডিসেম্বর মাসে বা আগামী বছর জানুয়ারি মাস থেকেই শুরু হয়ে যাবে ‘রামায়ণ’ ছবির শুটিং।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top