shomoynew_wp969 সতীশ কৌশিকের মৃত্যু নিয়ে মুখ খুললেন তার স্ত্রী | বিনোদন | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


সতীশ কৌশিকের মৃত্যু নিয়ে মুখ খুললেন তার স্ত্রী


প্রকাশিত:
১৩ মার্চ ২০২৩ ১২:০৮

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৪৫

 ফাইল ছবি

খুন নাকি স্বাভাবিক মৃত্যু, রহস্য ঘনীভূত হচ্ছিল ধীরে ধীরে। যদিও ময়নাতদন্তে খুনের কোনো আলামত মেলেনি। তারপরও বর্ষীয়ান বলিউড অভিনেতা ও নির্মাতা সতীশ কৌশিককে খুন করা হয়েছে বলে অভিযোগ তুলেছিলেন ব্যবসায়ী বিকাশ মালুর প্রাক্তন স্ত্রী সানভি। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন সতীশের স্ত্রী শশী।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শশী বিকাশের স্ত্রীর যাবতীয় দাবি খারিজ করে দেন। তিনি জানান, তার স্বামী কাউকে ১৫ কোটি টাকা ধার দেননি। তার কথায়, ‘সম্পূর্ণ মিথ্যা কথা বলছেন ওই মহিলা।’

তার সংযোজন, ‘আমার স্বামী কারো সঙ্গে কোনো বিবাদে জড়াননি। উনি একেবারে ভুয়া দাবি করছেন। সতীশজির পোস্টমর্টেম রিপোর্ট মোতাবেক ওর হার্টে ৯৮ শতাংশ ব্লকেজ ছিল।’

শশী আরও বলেন, ‘যিনি এই অভিযোগ করেছেন তিনি তো স্বামীর সঙ্গে থাকেন না। বিচ্ছেদ হয়ে গেছে। আমার মতে, হয় উনি লাইমলাইটে এসে সহানুভূতি পাওয়ার চেষ্টা করছেন। নয়তো স্বামীকে সমস্যায় ফেলার চেষ্টা করছেন।’

সতীশ কৌশিকের স্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন, তাকে না জিজ্ঞেস করে স্বামী কাউকে এত টাকা ধার দিতে পারেন না। বিকাশের প্রাক্তন স্ত্রীর অভিযোগে তিনি ব্যথিত সেই কথাও জানান তিনি। শশীর কথায়, ‘সতীশজির মৃত্যুর কারণ নিয়ে আমাকে বিবৃতি দিতে হচ্ছে! এটা সত্যিই কষ্টকর।’

এর আগে ব্যবসায়ী বিকাশ মালুর প্রাক্তন স্ত্রী সানভি দিল্লির পুলিশ কমিশনার সঞ্জয় অরোরাকে একটি চিঠি লিখেন। সেখানে তিনি দাবি করেন, বিকাশ ১৫ কোটি টাকা ফেরত দিতে পারছিলেন না। সেই কারণে তিনি সতীশকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করেন।

তার পাঠানো চিঠিতে লেখা হয়েছে, ‘গত বছর ২৩ আগস্ট সতীশ কৌশিক আমাদের দুবাইয়ের বাড়িতে এসেছিলেন। তিনি বিকাশ মালুর কাছ থেকে ১৫ কোটি টাকা ফের চান। আমি বৈঠকখানায় উপস্থিত ছিলাম। সেখানেই এ নিয়ে সতীশ কৌশিক এবং বিকাশ মালুর মধ্যে তর্কাতর্কি শুরু হয়।’

সানভি আরও লেখেন, ‘সতীশ কৌশিক জানিয়েছিলেন, তিনি তিন বছর আগে দুবাইয়ের ব্যবসায় বিনিয়োগের জন্য ওই টাকা ধার দিয়েছিলেন বিকাশ মালুকে। কিন্তু, কোথাও ওই টাকা বিনিয়োগ করা হয়নি। ফলে সুদ ছাড়া টাকা ফেরত দিতে বলেন তিনি।’

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (৯ মার্চ) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান সতীশ কৌশিক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর। এই বলি অভিনেতা ও নির্মাতার মৃত্যুর খবর টুইট করে জানান সতীশের দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধু অভিনেতা অনুপম খের।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top