মঙ্গলবার, ২৮শে এপ্রিল ২০২৬, ১৫ই বৈশাখ ১৪৩৩


বেরোবির উন্নয়নে নতুন দিগন্ত : এডিপির সবুজ পাতায় ১০৯০ কোটি টাকার প্রকল্প

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, বেরোবি

প্রকাশিত:২৮ এপ্রিল ২০২৬, ১৩:০০

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) সবুজ পাতায় অন্তর্ভুক্ত হয়েছে ১০৯০ কোটি ১৫ লক্ষ টাকার অধিকতর সম্প্রসারণ উন্নয়ন প্রকল্প।

গত সোমবার (২৭ এপ্রিল) ২০২৬–২০২৭ অর্থবছরের নতুন প্রকল্প অন্তর্ভুক্তির লক্ষ্যে আন্তঃমন্ত্রণালয় প্রোগ্রামিং কমিটির গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। সভায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বহুল প্রত্যাশিত উন্নয়ন প্রকল্প সবুজ পাতায় অন্তর্ভুক্ত হয়।

বাংলাদেশ পরিকল্পনা কমিশনের কার্যক্রম বিভাগের সদস্য (সচিব) এস এম শাকিল আখতারের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে প্রকল্পের আওতায় ১২ তলা একাডেমিক ভবন নির্মাণ, ১০ তলাবিশিষ্ট তিনটি ছাত্র হল নির্মাণ, ১০ তলাবিশিষ্ট দুটি ছাত্রী হল নির্মাণ, সাত তলাবিশিষ্ট সমন্বিত অ্যাক্টিভিটি সেন্টার নির্মাণ, দুই তলাবিশিষ্ট শারীরিক শিক্ষা কেন্দ্র নির্মাণ, ১০ তলাবিশিষ্ট শিক্ষক, অফিসার্স ও স্টাফ কোয়ার্টার নির্মাণ, মন্দির নির্মাণ, সাবস্টেশন ভবন, পাম্প হাউস ভবন, লাইব্রেরি ও মসজিদ ভবনের উল্লম্ব সম্প্রসারণ, সাবস্টেশন ও জেনারেটর স্থাপন, আরসিসি রোড নির্মাণ, স্টর্ম ওয়াটার ড্রেনেজ সিস্টেম স্থাপন, বহিরাগত জল বিতরণ লাইন স্থাপন, গভীর নলকূপ খননসহ অন্যান্য উন্নয়ন কার্যক্রম অন্তর্ভুক্ত রয়েছে।

প্রকল্পটির সম্ভাব্য বাস্তবায়নকাল ধরা হয়েছে ২০২৬ সালের জুলাই থেকে ২০৩১ সালের জুন পর্যন্ত। প্রকল্পটি সবুজ পাতায় অন্তর্ভুক্ত হওয়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও অবকাঠামোগত উন্নয়নে নতুন গতি সঞ্চার হবে বলে মনে করছেন শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী বলেন, গত বছর আমাদের বিশ্ববিদ্যালয়ের ১০৯০ কোটি ১৫ লাখ টাকার প্রকল্প সবুজ পাতায় অন্তর্ভুক্ত হয়েছিল। এ বছর সেটি পুনরায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

তিনি আরও বলেন, গত বছর অন্তর্ভুক্তির পর ৩ কোটি ৯১ লাখ টাকার একটি ফিজিবিলিটি স্টাডি সম্পন্ন হয়েছে। এর আওতায় একাডেমিক মাস্টার প্ল্যান ও ফিজিক্যাল মাস্টার প্ল্যানসহ প্রায় সব ধাপ সম্পন্ন হয়েছে। ফলে প্রকল্পটি পুনরায় সবুজ পাতায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এখন আমরা সিন্ডিকেট সভা করে একাডেমিক ও ফিজিক্যাল মাস্টার প্ল্যান আগামী রবিবার ইউজিসিতে জমা দেব। এরপর ইউজিসিতে টেকনিক্যাল কমিটির (টিএসসি) সভা হবে। পরে তা পরিকল্পনা কমিশনে যাবে এবং একনেক সভায় উপস্থাপন করা হবে। একনেক সভায় অনুমোদন হলে আগামী জুলাই মাস থেকে প্রকল্পের কার্যক্রম শুরু হবে।

মো: আব্দুল্লাহ আল-আমিন

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়