shomoynew_wp969 মনোনয়নপত্র জমার শেষ দিনে ছাত্রদলের সময় বাড়ানোর আবেদন | শিক্ষা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


চাকসু নির্বাচন

মনোনয়নপত্র জমার শেষ দিনে ছাত্রদলের সময় বাড়ানোর আবেদন


প্রকাশিত:
১৭ সেপ্টেম্বর ২০২৫ ০৩:৩০

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:২৬

ছবি : সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও জমার সময়সীমা দুই দিন বাড়ানোর দাবি জানিয়েছে শাখা ছাত্রদল।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিনের নিকট একটি আবেদনপত্র জমা দেন সংগঠনটির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান।

আজ (বুধবার) বিকেল সাড়ে ৩টা পর্যন্ত মনোনয়নপত্র জমার শেষ সময় নির্ধারিত ছিল। এর আগে গতকাল রাত সাড়ে ১০টা পর্যন্ত শিক্ষার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। যদিও নির্ধারিত সময় ছিল বিকেল সাড়ে ৩টা পর্যন্ত, শিক্ষার্থীদের ভিড় ও আগ্রহের কারণে সেই সময় বাড়ানো হয়।

আবেদনপত্রে বলা হয়, আসন্ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের নিয়ে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে ইচ্ছুক। কিন্তু গত ৩০ ও ৩১ আগস্ট গ্রামবাসীদের হামলার শিকার হয়ে আহত অনেক শিক্ষার্থী এখনও গ্রামের বাড়িতে অবস্থান করছে। একইসঙ্গে বিভিন্ন বিভাগের ফাইনাল পরীক্ষা চলার কারণে নির্ধারিত সময়ের মধ্যে অনেকেই মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করতে পারেনি। এমতাবস্থায় নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণ ও জমা দেওয়ার সময়সীমা আরও দুইদিন বর্ধিত করা হলে নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক সকল শিক্ষার্থীদের জন্য মঙ্গলজনক হতো।

এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন বলেন, আমরা গতকাল রাত সাড়ে ১০টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণের সিদ্ধান্ত নিয়েছিলাম। তখন পর্যন্ত কেউ এরকম আবেদন বা দাবি জানায়নি। এখন হঠাৎ এরকম দাবি আমাদের জন্য চিন্তার বিষয়। অনেক ভেবে শিডিউল করে তফসিল দেওয়া ছিল। চাইলেই আমরা যে কোনো সিদ্ধান্ত নিতে পারি না। আমরা একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে কাজ করি। আমরা এই বিষয়ে নিয়ে নির্বাচন কমিশনের মিটিং ডেকেছি। মিটিং শেষে সিদ্ধান্ত জানাবো।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top