shomoynew_wp969 শিক্ষক নিবন্ধন পরীক্ষার সংশোধিত ফল প্রকাশ, নতুন করে পাস করলেন ১১৩ জন | শিক্ষা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


শিক্ষক নিবন্ধন পরীক্ষার সংশোধিত ফল প্রকাশ, নতুন করে পাস করলেন ১১৩ জন


প্রকাশিত:
২৩ জুন ২০২৫ ০৯:৪৮

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ২২:১৩

ছবি সংগৃহীত

চাকরিপ্রত্যাশীদের আন্দোলনের মধ্যেই ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সংশোধিত ফল প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এই সংশোধিত ফলে নতুন করে আরও ১১৩ জন প্রার্থীকে উত্তীর্ণ ঘোষণা করা হয়েছে।

এনটিআরসিএর পরিচালক (যুগ্ম সচিব) কাজী কামরুল আহছানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিটি গত ১৫ জুন সই করা হলেও তা প্রকাশ করা হয়েছে সোমবার (২৩ জুন)।

এর আগে, গত ৪ জুন বিকেল ৫টায় ১৮তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। তাতে ৬০ হাজার ৫২১ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছিলেন। কিন্তু ফল প্রকাশের পর বেশ কয়েকজন প্রার্থী অভিযোগ করেন, তারা লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশ নিয়েও চূড়ান্ত ফলে নাম পাননি। এনটিআরসিএ তাদের অভিযোগ পর্যালোচনা করে জানতে পারে—২০২৫ সালের ২৩ মার্চ অনুষ্ঠিত একটি পরীক্ষার ফল চূড়ান্ত তালিকায় কারিগরি ত্রুটির কারণে অন্তর্ভুক্ত হয়নি।

এ বিষয়ে এনটিআরসিএ এক বিজ্ঞপ্তিতে জানায়, ভুলত্রুটির বিষয়টি উদঘাটনের পর ২৩ মার্চের পরীক্ষার হার্ডকপি ও সফট কপি পুনরায় যাচাই-বাছাই করা হয়। এতে দেখা যায়, ওই দিনের পরীক্ষায় বিভিন্ন বিষয়ের ১১৩ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছিলেন। ফলে, সংশোধিত ফল অনুযায়ী, ১৮তম নিবন্ধন পরীক্ষায় মোট উত্তীর্ণ প্রার্থীর সংখ্যা এখন ৬০ হাজার ৬৩৪ জন।

এর আগে, ২০২৩ সালের ১২ ও ১৩ জুলাই অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় মোট ৮৩ হাজার ৮৬৫ জন প্রার্থী উত্তীর্ণ হন। পরে তাদের মধ্যে ৮১ হাজার ২০৯ জন মৌখিক পরীক্ষায় অংশ নেন। মৌখিক পরীক্ষার ভিত্তিতে এনটিআরসিএ প্রাথমিকভাবে ৬০ হাজার ৫২১ জনকে উত্তীর্ণ ঘোষণা করে।

উল্লেখ্য, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) হলো শিক্ষা মন্ত্রণালয়ের অধীন একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, যা দেশের বেসরকারি স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে যোগ্য ও দক্ষ শিক্ষক নিয়োগ নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে। প্রতিষ্ঠানটি ২০০৫ সাল থেকে শিক্ষক নিবন্ধন পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের লিখিত, মৌখিক ও প্রিলিমিনারি যাচাইয়ের মাধ্যমে যোগ্যতার ভিত্তিতে নিয়োগের জন্য সুপারিশ করে থাকে। নিবন্ধনের মাধ্যমে প্রার্থীদের যোগ্য শিক্ষক হিসেবে প্রত্যয়ন দেওয়া হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top