shomoynew_wp969 জাতীয় বিশ্ববিদ্যালয়ের চাকরিচ্যুতদের ৩১ জুলাইয়ের মধ্যে যোগ দেওয়ার নির্দেশ | শিক্ষা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


জাতীয় বিশ্ববিদ্যালয়ের চাকরিচ্যুতদের ৩১ জুলাইয়ের মধ্যে যোগ দেওয়ার নির্দেশ


প্রকাশিত:
৩ জুন ২০২৫ ১১:০১

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:৩৬

ছবি সংগৃহীত

দীর্ঘ দুঃসহ সময় পেরিয়ে শেষ পর্যন্ত সুসংবাদ পেলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৯৮৮ জন চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারী। দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ের আলোকে এবং বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী তাদের চাকরিতে পুনর্বহাল করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সম্প্রতি এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে।

রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেনের সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, গত ২৭ মে আপিল বিভাগের সিভিল আপিল নম্বর ৩২/২০২৫-এর রায় ও আদেশ এবং ৩০ মে অনুষ্ঠিত সিন্ডিকেটের জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী, চাকরিচ্যুতদের চাকরিতে ধারাবাহিকতা বজায় রেখে নিজ নিজ পদে পুনর্বহাল করা হয়েছে। এদের মধ্যে যারা পুনরায় বিশ্ববিদ্যালয়ের চাকরিতে যোগ দিতে আগ্রহী, তাদেরকে আগামী ৩১ জুলাইয়ের মধ্যে যোগদানের নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, চাকরিচ্যুতদের তালিকা সংযুক্ত করে সংশ্লিষ্ট বিভাগ ও দপ্তর প্রধানদের অনুলিপি পাঠানো হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটেও তা প্রকাশের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

জানা গেছে, ২০১১ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৯৮৮ জন কর্মকর্তা-কর্মচারীকে আদালতের আদেশের ভিত্তিতে চাকরিচ্যুত করা হয়। অভিযোগ ছিল, তারা অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত। কিন্তু চাকরিচ্যুতদের দাবি ছিল, ২০০৩ ও ২০০৪ সালে চাকরিবিধি অনুসরণ করেই তাদের নিয়োগ দেওয়া হয়েছিল। পরে কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীর মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্যের ভিত্তিতে আদালতকে ভুল পথে পরিচালিত করে এই নিয়োগকে অবৈধ ঘোষণা করা হয়। এরপর বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের সিদ্ধান্তে ওই বছরই তাদের চাকরি বাতিল করা হয়।

তবে, গতবছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পুনর্বহালের দাবিতে আন্দোলনে নামেন চাকরিচ্যুত এই ৯৮৮ জন। পরে, জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি আমলে নিয়ে ৯ সেপ্টেম্বর সিন্ডিকেট সভায় রিভিউ আবেদন দাখিলের সিদ্ধান্ত নেয়। এরপর আপিল বিভাগে শুনানি শেষে ২৭ মে দেওয়া রায়ে আদালত তাদের পুনর্বহালের নির্দেশ দেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, সময়মতো যারা যোগদান করবেন, তারা তাদের পূর্ববর্তী পদমর্যাদা ও চাকরির ধারাবাহিকতা পাবেন। প্রয়োজনে বিশেষ প্রশিক্ষণ বা রিফ্রেশার কোর্সের ব্যবস্থা করা হবে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top