shomoynew_wp969 ‘কম বয়সীদের এত বেশি গণিত-বিজ্ঞান শিক্ষা দেওয়া উচিত না’ | শিক্ষা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


‘কম বয়সীদের এত বেশি গণিত-বিজ্ঞান শিক্ষা দেওয়া উচিত না’


প্রকাশিত:
২৭ জুন ২০২৪ ০৯:৫৫

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৫:৪১

ছবি- সংগৃহীত

কম বয়সী শিক্ষার্থীদের এত বেশি গণিত ও বিজ্ঞানের শিক্ষা দেওয়া উচিত না বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। তিনি বলেন, বিশেষায়িত জ্ঞান উচ্চশিক্ষার পর্যায়ে অবশ্যই নিয়ে যাওয়া হবে। উচ্চশিক্ষায় গতানুগতিক শিক্ষা দেওয়া হচ্ছে। এই অবস্থার পরিবর্তন করতে হবে।

বৃহস্পতিবার (২৭ জুন) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জাতীয় শিক্ষা সপ্তাহ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এই মন্তব্য করেন।

শিক্ষামন্ত্রী বলেন, উচ্চশিক্ষায় বিশেষায়িত জ্ঞান দিতে হবে। কম বয়সী শিক্ষার্থীদের এত বেশি গণিত ও বিজ্ঞানের শিক্ষা দেওয়া উচিত না, যাতে তারা নিরুৎসাহিত হয়। একটা নির্দিষ্ট পরিমাণ বিজ্ঞান ও গণিত আমাদের শেখা উচিত।

শিক্ষাক্রমের রূপান্তর করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, বাস্তব জীবনের নানা বিষয়ে শিক্ষার্থীদের যাতে ন্যূনতম দক্ষতা থাকে, সেই লক্ষ্যে শিক্ষা প্রক্রিয়াকে রূপান্তরের কাজ চলছে। তত্ত্বীয় জ্ঞানের প্রায়োগিক দিকটা শেখালে শিক্ষা আনন্দময় হয়ে ওঠে। এ জন্যই শিক্ষাক্রম রূপান্তরের চেষ্টা করা হচ্ছে। শিক্ষকদেরও সেভাবে প্রশিক্ষিত করা হচ্ছে।

অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোলেমান খানের সভাপতিত্বে বক্তব্য দেন শিক্ষা প্রতিমন্ত্রী বেগম শামসুন নাহার, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ড. ফরিদ উদ্দিন আহমদ এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ। স্বাগত বক্তব্য দেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ খালেদ রহিম। শেষে শিক্ষামন্ত্রী বিজয়ীদের মাঝে পুরস্কার হিসেবে ক্রেস্ট, মেডেল ও সনদপত্র বিতরণ করেন।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top