shomoynew_wp969 ১৭ আগস্ট শুরু হতে পারে এইচএসসি পরীক্ষা | শিক্ষা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


১৭ আগস্ট শুরু হতে পারে এইচএসসি পরীক্ষা


প্রকাশিত:
৪ জুন ২০২৩ ১৩:১৯

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ২২:১৩

ছবি সংগৃহিত

আগামী ১৭ আগস্ট থেকে ২০২৩ শিক্ষাবর্ষের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হতে পারে। সে অনুযায়ী সব ধরনের প্রস্তুতি নিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষাবোর্ডগুলো। চলতি সপ্তাহ এ পরীক্ষার তারিখ চূড়ান্ত হতে পারে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড ও ঢাকা শিক্ষাবোর্ড সূত্র।

জানতে চাইলে আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক ও ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার বলেন, আগামী ১৬ অথবা ১৭ আগস্ট চলতি বছরের এইচএসসি পরীক্ষা শুরুর প্রস্তুতি নিয়েছি। সে জন্য শিক্ষা মন্ত্রণালয়ের কাছে চূড়ান্ত তারিখ ঠিক করার জন্য প্রস্তাব করা হয়েছে। মন্ত্রণালয় এই দুই দিনের মধ্যে যেদিন চূড়ান্ত করবে সেই দিন থেকেই পরীক্ষা শুরু হবে।

শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অফিস সূত্রে জানা গেছে, পাবলিক পরীক্ষাগুলো সাধারণত রবি বা বৃহস্পতিবার শুরু হয়। দীর্ঘ বছর ধরে এ প্র্যাকটিস হয়ে আসছে। সে হিসেব ধরে ১৭ আগস্ট বৃহস্পতিবার এইচএসসি পরীক্ষা শুরু করার প্রস্তাব করা হয়েছে। যদিও ১৬ আগস্ট তারিখে বিকল্প প্রস্তাব করা হয়েছে। তবে ১৭ আগস্ট এইচএসসি পরীক্ষা শুরু হওয়ার সম্ভাবনা বেশি। একই তারিখে সাধারণ ৯টি শিক্ষাবোর্ডের পাশাপাশি মাদ্রাসা ও কারিগরি বোর্ডের পরীক্ষাও শুরু হবে।

বোর্ডের কর্মকর্তারা জানান, ২০১০ সাল থেকে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে এসএসসি, এপ্রিলের প্রথম সপ্তাহে এইচএসসি পরীক্ষা শুরু হত। এ সময়সূচিতে বাধা আসে ২০২০ সালে করোনাভাইরাসের কারণে। করোনার কারণে আগের পরীক্ষা সূচিতে এলোমেলো হয়ে যায়। ২০২১ এইচএসসি পরীক্ষা শুরু হয় ডিসেম্বর মাসের ২ তারিখ এবং ২০২২ সালের পরীক্ষা শুরু হয় ৬ নভেম্বর। পিছিয়ে যাওয়া এই পরীক্ষা ধীরে ধীরে এগিয়ে আনার পরিকল্পনা হাতে নেয় শিক্ষা মন্ত্রণালয়। সিদ্ধান্ত হয় ২০২৩ সালের পরীক্ষা জুলাই মাসের মাঝামাঝি সময় নেওয়া হবে। কিন্তু কলেজগুলো সিলেবাস শেষ করতে না পারায় এই পরীক্ষা এক মাস পিছিয়ে এখন আগস্টের মাঝামাঝি নেওয়া হবে বলে জানান বোর্ড কর্মকর্তারা।

২০২৩ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, বাংলাদেশের (এনসিটিবি) ২০২২ সালের পুনর্বিন্যাস করা পাঠ্যসূচি অনুযায়ী সব বিষয়ে অনুষ্ঠিত হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top