shomoynew_wp969 ব্যাংক খাতে আমানত প্রবৃদ্ধি কমে ৯ শতাংশের নিচে | অর্থনীতি | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


ব্যাংক খাতে আমানত প্রবৃদ্ধি কমে ৯ শতাংশের নিচে


প্রকাশিত:
২৮ জুলাই ২০২৫ ০৪:২৮

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ২২:১৫

ছবি ‍সংগৃহিত

দেশে বিভিন্ন কারণে ব্যাংক খাতের আমানতের প্রবৃদ্ধি কমে ৯ শতাংশের নিচে অবস্থান করছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৫ সালের মে মাস শেষে দেশের ব্যাংক খাতে মোট আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ২০ লাখ ১৮ হাজার ১৯৬ কোটি টাকা। গত বছরের একই সময়ের তুলনায় এই প্রবৃদ্ধি ৮ দশমিক ৭৪ শতাংশ। অথচ, গত মার্চ মাসে প্রবৃদ্ধির হার ছিল ৯ দশমিক ৫১ শতাংশ। এরপর থেকেই এটি ধারাবাহিকভাবে কমছে। মার্চে যেখানে ১১টি ব্যাংকের আমানত কমে গিয়েছিল, মে মাসে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬টিতে।

বিশ্লেষণে উঠে এসেছে, এক্সিম, সোস্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, গ্লোবাল ইসলামী এবং ইউনিয়ন ব্যাংকের একীভূতকরণ নিয়ে চলমান আলোচনা এবং তাদের আর্থিক দুরবস্থার খবর গ্রাহকদের আস্থায় আঘাত হেনেছে। এর ফলে শুধু এসব ব্যাংক নয়, আরও কয়েকটি ব্যাংকেও আমানত কমতে দেখা গেছে।

এদিকে কোরবানির ঈদকে কেন্দ্র করে সাধারণত নগদ টাকার ব্যবহার বাড়ে। তবে এবার সেটি রেকর্ড ছাড়িয়ে গেছে। গত ৫ জুন প্রচলনে থাকা নগদ টাকার পরিমাণ দাঁড়ায় ৩ লাখ ৩৯ হাজার ১৭৯ কোটি টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। মে মাস শেষে এই অঙ্ক ছিল ৩ লাখ ১৭ হাজার ৯৮৬ কোটি টাকা এবং গত বছরের ঈদের সময় এটি ছিল ৩ লাখ ২৫ হাজার ৫৮৩ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, মে মাস শেষে ব্যাংক খাতে মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১৭ লাখ ১৯ হাজার ৫৭২ কোটি টাকা, যা আগের বছরের তুলনায় ৭ দশমিক ৩১ শতাংশ বেশি। এ অবস্থায় ঋণ-আমানত অনুপাত (এডিআর) দাঁড়িয়েছে ৮১ দশমিক ০২ শতাংশ। যদিও অনেক সমস্যাগ্রস্ত ব্যাংকের ক্ষেত্রে এই অনুপাত নির্ধারিত সীমার চেয়েও বেশি হয়ে গেছে।

যেসব ব্যাংকে আমানত সবচেয়ে বেশি কমেছে, সেগুলোর মধ্যে রয়েছে—বেসিক ব্যাংক, সোস্যাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, আইসিবি ইসলামিক ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংক, মধুমতি ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং কমিউনিটি ব্যাংক।

এ ছাড়া বিদেশি মালিকানাধীন আলফালাহ, স্টেট ব্যাংক অব ইন্ডিয়া, উরি, হাবিব ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকেও আমানত হ্রাস পেয়েছে। তবে এসব বিদেশি ব্যাংক মূলত এলসি ও কমিশনভিত্তিক ব্যবসায় বেশি মনোযোগী এবং সুদের হার কম হওয়ায় আমানতের প্রবণতাও তুলনামূলকভাবে কম থাকে।

বিশেষজ্ঞদের মতে, ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর ব্যাংক খাতের কিছু দুর্বলতা প্রকাশ্যে এলে আমানতকারীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। যদিও কেন্দ্রীয় ব্যাংক তাৎক্ষণিকভাবে তারল্য সহায়তা দিয়ে পরিস্থিতি সামাল দেয়, তবে একীভূতকরণ সংক্রান্ত অধ্যাদেশ জারির পর আবারও অনিশ্চয়তা দেখা দেয়।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top