shomoynew_wp969 ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিতে অচল চট্টগ্রাম বন্দর | অর্থনীতি | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিতে অচল চট্টগ্রাম বন্দর


প্রকাশিত:
২৯ জুন ২০২৫ ০৫:০১

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ০১:১১

ছবি সংগৃহীত

চেয়ারম্যানের অপসারণ দাবিতে দ্বিতীয় দিনের মতো ‘কমপ্লিট শার্টডাউন’ কর্মসূচি পালন করছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তা-কর্মচারীরা। এই কর্মসূচির কারণে চট্টগ্রাম কাস্টম হাউসের আমদানি-রপ্তানি পণ্যচালানের শুল্কায়ন পুরোপুরি বন্ধ রয়েছে।

রবিবার (২৯ জুন) সকালে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে রাজধানীর আগারগাঁওয়ে এনবিআরের প্রধান কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীরা। এ সময় এনবিআর ভবনের ভেতরে বিপুল সংখ্যক র‍্যাব, বিজিবি ও পুলিশ সদস্য মোতায়েন করা হয়।

ঐক্য পরিষদের মহাসচিব সেহেলা সিদ্দিকা বলেন, “সংকট সমাধানে এনবিআরের কয়েকজন সদস্য ইতিমধ্যে প্রস্তাব দিয়েছেন। এ নিয়ে আজ বিকালে আমরা অর্থ উপদেষ্টার কার্যালয়ে আলোচনায় বসতে পারি।”

এনবিআার কর্মকর্তাদের দ্বিতীয় দিনের এই কর্মসূচির কারণে পুরোপুরি বন্ধ রয়েছে দেশের বৃহৎ শুল্ক স্টেশন চট্টগ্রাম কাস্টম হাউসের আমদানি-রপ্তানি পণ্যচালানের শুল্কায়ন। সম্পূর্ণ বন্ধ রয়েছে দেশের প্রধান এই সমুদ্রবন্দরের আমদানি-রপ্তানি কনটেইনার পরিবহনও।

এ বিষয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক জানিয়েছেন, কর্মসূচির কারণে কাস্টমস কর্মকর্তারা কাজ না করায় আমদানি পণ্যবাহী কনটেইনার বন্দর থেকে ডেলিভারি দেওয়া যাচ্ছে না। বন্দরে আসছে না রপ্তানি কনটেইনারও।

বন্দর কর্মকর্তারা জানিয়েছেন, কর্মসূচির কারণে চট্টগ্রাম বন্দর থেকে কনটেইনার ডেলিভারি বন্ধ রয়েছে। এ কারনে বন্দরে কনটেইনার জট সৃষ্টি হয়েছে। পরিস্থিতি দ্রুত সমাধানে না এলে আরও ভয়াবহ হবে বলে মনে করছেন বন্দর ব্যবহারকারীরা।

এর আগে, গতকাল (শনিবার) এক বিবৃতিতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ জানায়, তাদের “কমপ্লিট শাটডাউন” ও “মার্চ টু এনবিআর” কর্মসূচি রবিবারও (আজ) চলবে। তবে আন্তর্জাতিক যাত্রীসেবা এই কমপ্লিট শাটডাউনের আওতামুক্ত থাকবে।

এনবিআর চেয়ারম্যানের অপসারণ “অপ্রয়োজনীয়” এবং এতে কোনো সুফল আসবে না বলে ব্যবসায়ীদের একটি বিবৃতি নিয়েও সে সময় অসন্তোষ প্রকাশ করা হয়। এ বিষয়ে ঐক্য পরিষদের বিবৃতিতে বলা হয়, “আমরা গভীর দুঃখের সঙ্গে লক্ষ্য করেছি, ওই বিবৃতিতে (ব্যবসায়ীদের) কেন একটি স্বৈরাচারী সরকারের সহযোগী হয়ে ওঠা আমলাকে অপসারণ অনুচিত বলে মনে করা হচ্ছে- তা পরিষ্কার করা হয়নি।”



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top