shomoynew_wp969 অনিচ্ছাকৃত ঋণখেলাপিদের পুনর্বাসন চায় ব্যবসায়ীরা | অর্থনীতি | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


অনিচ্ছাকৃত ঋণখেলাপিদের পুনর্বাসন চায় ব্যবসায়ীরা


প্রকাশিত:
২৬ জানুয়ারী ২০২৫ ০৭:৫৭

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৫০

ছবি সংগৃহীত

যারা ইচ্ছাকৃত ঋণখেলাপি নয়, তাদের জন্য নীতিসহায়তা দেওয়ার মাধ্যমে অর্থনীতিতে পুনর্বাসনের সুপারিশ করেছে শীর্ষ ব্যবসায়ী সংগঠন এফবিসিসিআই। একইসঙ্গে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, সুদের হার স্থিতিশীলসহ ডলারের যোগান স্বাভাবিক রাখার আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরা।

রোববার (২৬ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের সঙ্গে এফবিসিসিআইয়ের ব্যবসায়ী প্রতিনিধি দলের মতবিনিময় সভায় এসব সুপারিশ তুলে ধরেন এফবিসিসিআইয়ের প্রশাসক মো. হাফিজুর রহমান।

ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত শিল্প-কারখানাকে নীতিসহায়তা দেওয়ার দাবি জানিয়েছেন। এছাড়া বৈদেশিক মুদ্রার বিনিময়জনিত ক্ষতি মোকাবিলায় উদ্যোক্তাদের সহায়তা প্রদান, সময়মতো এক্সপোর্ট বিল পরিশোধ, এসএমই এবং কৃষি খাতের জন্য বিশেষ ঋণ সুবিধা সম্প্রসারণসহ দেশে ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে কেন্দ্রীয় ব্যাংককে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায় প্রতিনিধিরা।

মতবিনিময় সভায়, স্থানীয় শিল্পের প্রতিযোগিতা সক্ষমতা বজায় রাখতে সুদের হার সিঙ্গেল ডিজিটে নিয়ে আসার ওপর বিশেষ গুরুত্ব দেন ব্যবসায়ী নেতারা।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর জানান, আর্থিক খাতের শৃঙ্খলা নিশ্চিতকরণে বাংলাদেশ ব্যাংক নিবিড়ভাবে কাজ করছে। অর্থনীতির টেকসই উন্নয়নের স্বার্থে ব্যবসায়ী সম্প্রদায়ের সমর্থন ও সহযোগিতা আহ্বান করেন তিনি।

সভায় উপস্থিত ছিলেন— এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মীর নাসির হোসেন, সহ-সভাপতি আবুল কাশেম হায়দার, আব্দুল হক, মো. গিয়াস উদ্দিন চৌধুরী (খোকন), প্রাণ-আরএফএল গ্রুপের প্রধান নির্বাহী আহসান খান চৌধুরী, বিজিএমইএর সাবেক সভাপতি এসএম ফজলুল হক, এফবিসিসিআই মহাসচিব মো. আলমগীর, সাধারণ পরিষদ সদস্য জাকির হোসেন নয়ন ও মো. জাকির হোসেন প্রমুখ।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top