shomoynew_wp969 ৫ মাসে রাজস্বে ঘাটতি ৪২ হাজার কোটি টাকা | অর্থনীতি | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


৫ মাসে রাজস্বে ঘাটতি ৪২ হাজার কোটি টাকা


প্রকাশিত:
১ জানুয়ারী ২০২৫ ০৫:৩৬

আপডেট:
১ জানুয়ারী ২০২৫ ০৬:০৪

ছবি সংগৃহিত

নভেম্বরেও কাঙ্ক্ষিত মাত্রায় রাজস্ব আদায় করতে পারেনি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। চলতি অর্থবছরের প্রথম ৫ মাসে গত অর্থবছরের একই সময়ের তুলনায় রাজস্ব আদায় কমেছে ২ দশমিক ৬২ শতাংশ। অর্থনীতিবিদরা বলছেন, সংকোচনমুখী মুদ্রানীতি থেকে বাংলাদেশ ব্যাংক সরে না এলে বাড়বে না রাজস্ব আদায়।

দেশ পরিচালনায় খরচ মেটাতে চলতি অর্থবছরে ৪ লাখ ৮০ হাজার কোটি টাকা রাজস্ব আদায়ের পরিকল্পনা সাজিয়েছে অর্থ মন্ত্রণালয়। তবে আন্দোলন, সংঘাত, ক্ষমতার পালাবদলের কারণে তৈরি হওয়া অস্থিরতার মাঝেই মূল্যস্ফীতির লাগাম টানতে সংকোচনমূলক মুদ্রানীতি বাস্তবায়ন করছে সরকার। এমন প্রেক্ষাপটে লক্ষ্যমাত্রা অনুযায়ী আয় করতে পারছে না জাতীয় রাজস্ব বোর্ড।

সংস্থাটির হালনাগাদ পরিসংখ্যান বলছে, চলতি ২০২৪-২৫ অর্থবছরের জুলাই-নভেম্বর এই পাঁচ মাসে, রাজস্ব আদায় হয়েছে ১ লাখ ২৬ হাজার ৭৭৭ কোটি টাকা। যা লক্ষ্যমাত্রার চেয়ে ৪২ হাজার ২৩৮ কোটি টাকা কম। বছর ব্যবধানে কমেছে ২ দশমিক ৬২ শতাংশ।

আর শুধু নভেম্বরে মোট রাজস্ব আদায় হয়েছে ২৫ হাজার ৩৫৯ কোটি ৫৭ লাখ টাকা। যা গত বছরের একই মাসের তুলনায় প্রায় ৯ শতাংশ কম।

দেশের ব্যবসায়িক কার্যক্রমে মন্দাভাব থাকায় চলতি অর্থবছরে রাজস্ব আদায় কম বলে মনে করেন অর্থনীতিবিদরা। এমন পরিস্থিতিতে সংকোচনমুখী মুদ্রানীতি থেকে সরে আসার পরামর্শ তাদের। অর্থনীতিবিদ ড. মাহফুজ কবির বলেন, সংকোচনমুখী মুদ্রানীতি থেকে ধীরে ধীরে বেরিয়ে আসতে হবে। এটা থেকে বাংলাদেশ ব্যাংক সরে না এলে বাড়বে না রাজস্ব আদায়। এছাড়া বিনিয়োগ বাড়াতে ঋণের সুদের হার কমিয়ে আনার দিকেও তাগিদ দিয়েছেন তারা।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top