shomoynew_wp969 শুল্ক আরোপের খবরে রাতারাতি বাড়ল পেঁয়াজের দাম | অর্থনীতি | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


শুল্ক আরোপের খবরে রাতারাতি বাড়ল পেঁয়াজের দাম


প্রকাশিত:
২০ আগস্ট ২০২৩ ১১:২০

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৪:১০

 ফাইল ছবি

ভারত পেঁয়াজ রপ্তানিতে শুল্ক আরোপের ঘোষণা দেওয়ার পরপরই দেশে পণ্যটির বাজারে হঠাৎ অস্থিরতা তৈরি হয়েছে। শুল্কযুক্ত দামের পেঁয়াজ এখনো আমদানি না হলেও দেশের বাজারে একদিনের ব্যবধানে কেজিপ্রতি অন্তত ২০ টাকা বেড়ে গেছে।

বাজারে সিন্ডিকেটের প্রভাবে হঠাৎ এমন অস্থিরতা তৈরি হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। যদিও ব্যবসায়ীরা বলছেন সরবরাহ কম থাকায় পণ্যটির দাম বাড়ছে।

খোঁজ নিয়ে জানা গেছে, এতোদিন ভারত থেকে পেঁয়াজ আমদানি করতে কোনো শুল্ক দিতে হত না বাংলাদেশকে। তবে হঠাৎ পেঁয়াজ রপ্তানিতে ৪০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেয় দেশটি। শনিবার (১৯ আগস্ট) দেশটির অর্থ মন্ত্রণালয়ের রাজস্ব বিভাগের উপসচিব অমরিতা টিটুসের সই করা এক প্রজ্ঞাপনে এই কথা জানানো হয়। দেশটির বাজারে পেঁয়াজের দামের নাগাল টানতে এ সিদ্ধান্ত নেওয়া হয় এবং আজ (রোববার) থেকে এটি কার্যকর হয়ে চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত বহাল থাকবে বলে জানা গেছে।

সংশ্লিষ্টরা জানান, সবশেষ ভারত থেকে ৩৮ থেকে ৪৬ টাকায় পেঁয়াজ আমদানি করা হয়েছে। শুল্ক আরোপের পর ৫৩ থেকে ৬৫ টাকা পর্যন্ত দাম খরচ পড়বে।

এদিকে ভারত থেকে এখনো বাড়তি দামে পেঁয়াজ আমদানি শুরু করেননি ব্যবসায়ীরা। শুধুমাত্র শুল্ক আরোপের খবর শুনেই দেশের বাজারে হু হু করে বাড়ছে সংসারের অতিপ্রয়োজনীয় পণ্যটির দাম।

খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল (শনিবার) দেশের অন্যতম বৃহৎ ভোগ্যপণ্যের পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে ভালোমানের পেঁয়াজ বিক্রি হয়েছে কেজিপ্রতি ৪৬ থেকে ৫০ টাকা। আজ (রোববার) বিক্রি হচ্ছে ৬৬ থেকে ৭০ টাকা। এছাড়া চট্টগ্রামের রিয়াজ উদ্দিন বাজারসহ বিভিন্ন খুচরা দোকানে আজ কেজিপ্রতি পেঁয়াজ ৮০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।

জানতে চাইলে, চাক্তাই-খাতুনগঞ্জ আড়তদার সাধারণ ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন বলেন, জলাবদ্ধতার কারণে বিভিন্ন গোডাউনে পণ্য নষ্ট হয়ে গেছে। এছাড়া একই কারণে বাজারে কয়েকদিন গাড়ি প্রবেশ করতে পারেনি। এতে করে বাজারে সরবরাহ কমে গেছে। তাই দাম বাড়তির দিকে।

তবে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন বলেন, শুল্ক আরোপের ঘোষণাতে পেঁয়াজের দাম বেড়ে গেছে। আমাদের দেশের ব্যবসায়ীদের স্বভাব এমনই। আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তি দামের পণ্য দেশে আসার আগেই বেড়ে যায়। আবার কোনো সময় কমলে পণ্য না আসার অজুহাতে আর কমে না।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top