shomoynew_wp969 রাজধানীতে রাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার | নগর-মহানগর | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


রাজধানীতে রাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার


প্রকাশিত:
২৭ সেপ্টেম্বর ২০২২ ১৩:০৭

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:০২

রাজধানীতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ ঢাকার মুগদা এলাকা থেকে উদ্ধার করে পুলিশ।

শিক্ষার্থীর নাম ছন্দা রায়। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি ঠাকুরগাঁও জেলায়। তিনি তার স্বামীর সঙ্গে ঢাকার মুগদায় ভাড়া বাসায় থাকতেন।

সহপাঠীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ছন্দার মরদেহ বর্তমানে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আছে।

ছন্দা রায়ের স্বামী উত্তম কুমার রায় জানান, তিনি অফিস থেকে দুপুরে ছন্দাকে বার বার ফোন দিচ্ছিলেন। কিন্তু সে রেসপন্স করেনি। বিকালে এসে দেখেন, দরজা ভেতর থেকে আটকানো। বার বার বলার পরেও দরজা না খোলায় তিনি বাসার কেয়ারটেকারকে নিয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে দেখেন ছন্দা সুইসাইড করেছে।

ছন্দা রায়ের মেজো বোন দীপা রায় জানান, তিন মাস আগে বোনের পছন্দের ছেলের সঙ্গে তারা তাকে বিয়ে দেন। তার স্বামী উত্তম কুমার রায় বাংলাদেশ ব্যংকের উপ-পরিচালক হিসেবে কর্মরত। চাকরি সূত্রে স্বামীর সঙ্গে ঢাকায় থাকত। সোমবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে নিজ রুমের ফ্যানের রডের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, তার বোন মৃত্যুর আগে একটি সুইসাইড নোট লিখে গেছে। তাতে লেখা ছিল, ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।’ তিনি তার হাতের লেখার সঙ্গে মিলিয়ে দেখেছেন। এটা ওরই হাতের লেখা।

এ ঘটনায় দুঃখ প্রকাশ করে বিভাগের অধ্যাপক মো. ফরিদ উদ্দীন খান জানিয়েছেন, মৃত্যুর খবরটি তারা মেনে নিতে পারছেন না। তিন মাস হলো মাত্র বিয়ে হয়েছে। এরই মধ্যে সে আত্মহত্যা করেছে। কী এমন হয়েছে তার সঙ্গে জানি না। তার মৃত্যুর জন্য সমাজ, পরিবার ও তার স্বামী দায়ী। তারা সুষ্ঠু তদন্ত করে বিচারের দাবিতে বেলা ১১টায় প্যারিস রোডে মানববন্ধন করার কথা জানান।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top