shomoynew_wp969 মহাখালী-বনানী লেকেও চলবে ওয়াটার বাস | নগর-মহানগর | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


মহাখালী-বনানী লেকেও চলবে ওয়াটার বাস


প্রকাশিত:
১১ এপ্রিল ২০২২ ১২:৩০

আপডেট:
১৩ এপ্রিল ২০২২ ১২:৩৬

ফাইল ছবি

রাজধানীর হাতিরঝিল হয়ে নর্দ্দা কালাচাঁদপুর-মহাখালী-বনানী পর্যন্ত লেক এলাকা সংস্কার ও উন্নয়নের উদ্যোগ নিয়েছে সরকার। কাজ শেষ হলে ওই এলাকার ১২ কিলোমিটার রুটেও চলবে ওয়াটার বাস। এতে যানজটের কবল থেকে কিছুটা স্বস্তি পাবে এসব রুটে চলাচল করা নগরবাসী। প্রতিদিনের যাতায়াতে হাফ ছেড়ে বাঁচবে কয়েক লাখ মানুষ। রাজধানীর যোগাযোগ ব্যবস্থায়ও আসবে নতুনত্ব।

‘ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাভুক্ত হাতিরঝিলের উপ-শাখা খাল (বনানী-বারিধারা-নাড়িয়া খাল) সংস্কার, পানিপ্রবাহ বৃদ্ধি, নৌ-যোগাযোগ, বিনোদন সুবিধার উন্নয়ন ও সম্প্রসারণ’ প্রকল্পের আওতায় হবে এ সংস্কারকাজ। প্রকল্প বাস্তবায়নে প্রস্তাবিত মোট ব্যয় ধরা হয়েছে এক হাজার ৩৫৮ কোটি ৫২ লাখ টাকা। ২০২২ থেকে ২০২৩ সালের ডিসেম্বর মেয়াদে এ প্রকল্প বাস্তবায়ন হবে। এরই মধ্যে প্রকল্পের প্রস্তাবনা পরিকল্পনা কমিশনে পাঠিয়েছে স্থানীয় সরকার বিভাগ।

স্থানীয় সরকার বিভাগ সূত্র জানায়, প্রকল্পের আওতায় ১২ কিলোমিটার লেকপাড় উন্নয়ন ও সংরক্ষণ করতে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ হবে। একইসঙ্গে থাকবে ৯ দশমিক ৭২ কিলোমিটার ওয়াকওয়ে, ৮৭৮ মিটার দৈর্ঘ্যের দুটি ফুটওভার ব্রিজ, ছয়টি পর্যবেক্ষণ টাওয়ার ও ২২টি ভিজিটর শেড। লেকপাড়ে জনসাধারণের চলাচল সুবিধার পাশাপাশি থাকবে বিনোদনের ব্যবস্থা। ১২ কিলোমিটারের এ লেকপাড় ঘিরে নগরবাসীর জন্য গড়ে তোলা হবে বিনোদনকেন্দ্র। লেকের পানির গুণগত মানোন্নয়ন ও পানি সংরক্ষণেও থাকবে বিশেষ মনোযোগ।

এ বিষয়ে স্থানীয় সরকার বিভাগের যুগ্ম-সচিব (পরিকল্পনা অধিশাখা) এ এইচ এম কামরুজ্জামান বলেন, হাতিরঝিল হয়ে কালাচাঁদপুর-মহাখালী-বনানী পর্যন্ত লেক এলাকার সংস্কার ও উন্নয়ন করা হবে। প্রকল্প বাস্তবায়নের মধ্য দিয়ে ১২ কিলোমিটার রুটে ওয়াটার বাস চলাচলের ব্যবস্থা করার উদ্যোগ রয়েছে। এ প্রকল্পের মাধ্যমে জলাশয় উন্নয়নের পাশাপাশি নগরীর যোগাযোগ ব্যবস্থায়ও আসবে আমূল পরিবর্তন। এসব বিষয় মাথায় রেখেই প্রকল্পের প্রস্তাবনা পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে।

স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব (নগর উন্নয়ন অনুবিভাগ) মুস্তাকীম বিল্লাহ ফারুকী বলেন, ‘আমরা নতুন করে হাতিরঝিল হয়ে মহাখালী ও বনানী খাল সংস্কারের উদ্যোগ নিয়েছি। এর মাধ্যমে নৌপথে নতুন যোগাযোগ সৃষ্টি হবে। কয়েকটি ব্রিজও নির্মাণ করা হবে। হাতিরঝিলে যেমন ওয়াটারবাস চালু আছে, অনেকে সহজে যাতায়াত করতে পারেন, একইভাবে এই লেকে যাতায়াত সুবিধা চালু করা হবে।’

ডিএম/তাজা/২০২২



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top