shomoynew_wp969 সাবেক মেয়র তাপসের আরেক সহযোগী গ্রেফতার | নগর-মহানগর | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


সাবেক মেয়র তাপসের আরেক সহযোগী গ্রেফতার


প্রকাশিত:
২৬ আগস্ট ২০২৫ ০৬:৪৫

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:২৭

ছবি সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবর্ষণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসের আরেক সহযোগীকে গ্রেফতার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

আজ মঙ্গলবার (২৬ আগস্ট) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এ তথ্য জানান। গ্রেফতারকৃতের নাম মোস্তাফিজুর রহমান টুটু। পিতার নাম মৃত গোলাম মহিউদ্দিন। তাপসের সহযোগী হিসেবে তিনি বেশ প্রভাবশালী ও ক্ষমতাশীল ছিলেন।

সিআইডি জানায়, সোমবার (২৫ আগস্ট) দিবাগত রাত ১টা ৫০ মিনিটের দিকে তাকে বাড্ডা থানা এলাকা থেকে গ্রেফতার করে সিআইডি ঢাকা মেট্রো দক্ষিণ ইউনিটের একটি দল। ধানমন্ডি থানায় করা একটি মামলার সূত্র ধরে তাকে গ্রেফতার করা হয়েছে। মামলাটি সিআইডি ঢাকা মেট্রো দক্ষিণ বিভাগ তদন্ত করছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে টুটু ছাত্র-জনতার ওপর হামলার সময় ঘটনাস্থলে উপস্থিত থাকার বিষয়টি স্বীকার করেছেন। তিনি সাবেক মেয়র তাপসের বিশেষ প্রতিনিধি ছিলেন এবং আন্দোলন দমনে সক্রিয় ভূমিকা পালন করেছেন। তদন্তে আরও প্রমাণ মিলেছে যে, নিহত ছাত্র আব্দুল্লাহ সিদ্দিক হত্যাকাণ্ডে তিনি সরাসরি জড়িত ছিলেন।

আরও জানা যায়, টুটুকে আজ আদালতে সোপর্দ করা হবে এবং তার সাত দিনের রিমান্ড আবেদন করা হবে। মামলার রহস্য উদঘাটন, অন্য অভিযুক্তদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।

এর আগে এ মামলায় সাবেক মেয়র তাপসের ঘনিষ্ঠ সহযোগী এস এম কামাল হায়দারকে ১৫ মে এবং মো. খোরশেদ আলমকে ১৭ জুন গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়।

প্রসঙ্গত, ২০২৪ সালের ৪ আগস্ট রাজধানীর ধানমন্ডি জিগাতলা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে আব্দুল্লাহ সিদ্দিক নামে এক আন্দোলনকারী নিহত হন। এ ঘটনায় ধানমন্ডি থানায় একটি হত্যা মামলা রুজু করা হয়, যার তদন্ত করছে সিআইডি ঢাকা মেট্রো দক্ষিণ বিভাগ।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top