shomoynew_wp969 স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে ইসির সামনে এনসিপির নেতাকর্মীরা | নগর-মহানগর | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে ইসির সামনে এনসিপির নেতাকর্মীরা


প্রকাশিত:
২১ মে ২০২৫ ০৩:০৫

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৩৩

ছবি সংগৃহীত

নির্বাচন কমিশন পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে নির্বাচন কমিশন ভবনের সামনে জড়ো হতে শুরু করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা। বিক্ষোভ কর্মসূচি পালনকে কেন্দ্র করে তাদের এই জমায়েত।

বুধবার (২১ মে) বেলা পৌনে ১২টার দিকে আগারগাঁও নির্বাচন কমিশনের সামনে জড়ো হয়ে নানা রকম বক্তব্য দিতেও তাদের দেখা যায় এনসিপি নেতাকর্মীদের। তবে কেন্দ্রীয় কোনো নেতা এখনো উপস্থিত হননি।

এ সময় দলটির কলাবাগান থানার প্রতিনিধি মাসুম বিল্লা বলেন, অতিদ্রুত নির্বাচন কমিশন পুনর্গঠনসহ স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে যাব না।

এদিকে এনসিপির বিক্ষোভকে ঘিরে নির্বাচন কমিশন ভবনের সামনে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। ইসি ভবনের সামনে কাঁটাতারের ব্যারিকেড দেওয়া হয়েছে। বিজিবির দুই-একটি গাড়ি মাঝে মাঝে টহল দিচ্ছে। যৌথ বাহিনীও নিরাপত্তা রক্ষায় দায়িত্ব পালন করছে।

দায়িত্বরত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানান, বিক্ষোভকে ঘিরে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তবে পরিস্থিতি শান্তিপূর্ণ।

এর আগে গত মঙ্গলবার (২০ মে রাতে) এক সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেন, সংস্কার কমিশনের প্রস্তাব আমলে নিয়ে নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবিতে নির্বাচন কমিশনের সামনে কাল ১১টায় বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। পরে সেই সময় এক ঘণ্টা পেছানো হয়।

বিএনপি নেতা ইশরাক হোসেনের মেয়র হিসেবে শপথ নিয়ে আন্দোলনের বিষয়টি তুলে ধরে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ওই সংবাদ সম্মেলনে বলেন, ‘যে সংকট তৈরি হয়েছে তা সমাধানে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে। পক্ষপাতমূলক গ্যাজেট প্রকাশ হয়েছে। ওই আমলের সব নির্বাচনই আমরা প্রত্যাখ্যান করছি।’

নাহিদ বলেন, ‘জাতীয় নির্বাচন ও গণপরিষদ নির্বাচনের তারিখ ঘোষণার পর স্থানীয় সরকার নির্বাচন দেওয়া হোক। দেশের বর্তমান সংকট থেকে উত্তরণের জন্য স্থানীয় সরকার নির্বাচনের কোনো বিকল্প নেই।’

নির্বাচন কমিশনের সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, ‘বাংলাদেশকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিতে হলে ইসি পুনর্গঠন করতে হবে। বিভিন্ন জায়গায় আপনারা (ইসি) যে ছলচাতুরী করছেন তা বন্ধ করুন।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top