shomoynew_wp969 সাভারে বিস্কুট কারখানা ও ঝুটের গুদামে আগুন | নগর-মহানগর | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


সাভারে বিস্কুট কারখানা ও ঝুটের গুদামে আগুন


প্রকাশিত:
২০ ফেব্রুয়ারি ২০২৫ ০৭:০১

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ২২:১২

ছবি সংগৃহীত

সাভারে বিস্কুট কারখানা ও একটি ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বিস্কুট কারখানায় জিরাবো মর্ডান ফায়ার স্টেশন এবং ঝুটের গুদামে সাভার ও হেমায়েতপুর ফায়ার স্টেশন প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে সাভারের নামা বাজার এলাকায় ঝুটের গোডাউনে ও আশুলিয়ার পলাশবাড়ি এলাকায় অলিম্পিক বিস্কুট কারখানার দোতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জিরাবো মর্ডান ফায়ার সার্ভিস জানায়, আজ বেলা সাড়ে ১১টার দিকে আশুলিয়ার পলাশবাড়ি এলাকায় অলিম্পিক বিস্কুট কারখানার দোতলায় আগুনের সূত্রপাত ঘটে। পরে খবর পেয়ে জিরাবো মর্ডান ফায়ার স্টেশনের তিন ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে নামে। এতে ফায়ার সার্ভিসের তিন ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

জিরাবো মর্ডান ফায়ার সার্ভিসের সিনিয়র অফিসার আবু সায়েম মাসুদ বলেন, বিস্কুট কারখানায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে জিরাবো ফায়ার সার্ভিসের তিন ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে জানা যায়নি।

অন্যদিকে দুপুর ১২টার দিকে সাভার পৌর এলাকার নামা বাজারে ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে সাভার ফায়ার ও হেমায়েতপুর ফায়ার সার্ভিসের তিন ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ম্যানেজার নুরুল ইসলাম বলেন, দুপুর ১২টা ১০ মিনিটের দিকে সাভার ফায়ার সার্ভিসের কাছে বাসাবাড়িতে অগ্নিকাণ্ডের খবর আসে। এ সময় সাভার ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে এসে দেখে ঝুটের গোডাউনে আগুন। পরে পানির জন্য হেমায়েতপুর ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। সেখান থেকে আরও এক ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে নামে। ফায়ার সার্ভিসের তিন ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করে। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এ ছাড়া আগুনের সূত্রপাতও জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top